hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

অবস্থান ও ভূপ্রকৃতি

এশিয়ার মানচিত্রে দক্ষিণ দিকে ভারতবর্ষের পশ্চিম দিকে একটি বিশাল আয়তক্ষেত্রের মত উপদ্বীপ চোখে পড়ে। এরই নাম জাযীরাতুল আরব—আরব উপদ্বীপ বা আরব দেশ।

দেশটির পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর ও সুয়েজখাল, উত্তরে সিরিয়া।

আরব দেশের আয়তন বার-তের লক্ষ বর্গমাইল যার মধ্যে পাঁচ লাখ বর্গমাইল কেবল ঊষর মরু অঞ্চল যেখানে কোনো বসতি নেই। সর্বাধিক খ্যাত মরুভূমিটি ‘আল রাবউল খালী বা আল-দাহ্‌না’ নামে পরিচিত। এর আয়তন আড়াই লাখ বর্গমাইল। এ বিশাল মরুভূমির উত্তরে বাহ্‌রায়নের আল-হাসায়া প্রদেশ। রাবউল খালীর দক্ষিণ-পূর্বে ওমান প্রদেশ। এর রাজধানী ও সর্বাধিক বিখ্যাত শহর হচ্ছে মাস্কট। এ প্রদেশটি ওমান উপসাগরের তীরে অবস্থিত। রাবউল খালীর দক্ষিণ-পূর্বে হাদরামাউত ও মাহ্‌রা প্রদেশ অবস্থিত। এগুলো আরব সাগর ও ভারত মহাসাগরের উপকূলবর্তী এলাকা। রাবউল খালীর দক্ষিণ-পশ্চিমে প্রসিদ্ধ ইয়ামান প্রদেশ অবস্থিত। এ প্রদেশটির সর্বাধিক বিখ্যাত শহর হচ্ছে সাফার। এ প্রদেশটি ভারত মহাসাগর ও লোহিত সাগরের কূল ঘেঁষে অবস্থিত। এডেন ও হাদীদা বন্দর এ প্রদেশেই অবস্থিত। রাবউল খালীর পশ্চিমে এবং ইয়ামার উত্তরে নাজরান প্রদেশ অবস্থিত। লোহিত সাগরের কূল ঘেঁষে এ প্রদেশটির অবস্থান। ইসলামের অভ্যুদয় কালে এ প্রদেশটি ছিলো গোটা আরব দেশে খ্রিস্টানদের পাদপীঠ। রাবউল খালীর পশ্চিমে এবং নাজরানের উত্তরে আসীর প্রদেশ—যা লোহিত সাগরের উপকূলে অবস্থিত। নাজরান এবং আসীর প্রদেশদ্বয় ইয়ামানের অংশ হিসাবে গণ্য হয়ে থাকে। আসীরের উত্তরে লোহিত সাগরের কূলে একটি ছোট এলাকা হচ্ছে তিহামা—যা হিজাযের অন্তর্ভুক্ত অর্থাৎ তা হিজাযের দক্ষিণাংশ বলে গণ্য হয়ে থাকে। রাবউল খালীর উত্তরে বর্গাকৃতির বিশাল নজ্দ প্রদেশ অবস্থিত। এর পূর্বে বাহ্‌রায়ন প্রদেশ, পশ্চিমে হিজায প্রদেশ এবং উত্তরে সিরিয়া মরুভূমি অবস্থিত। নজদের দক্ষিণ-পূর্ব অংশের নাম হচ্ছে ইয়ামামা। নজদের পূর্বে এবং লোহিত সাগরের পশ্চিমে হিজায প্রদেশ অবস্থিত। মক্কা, মদীনা এবং জিদ্দা ও ইয়াম্বু বন্দরদ্বয় এই প্রদেশে অবস্থিত। হিজাযের পশ্চিমে এবং নজদের দক্ষিণ-পূর্বে একটি ছোট এলাকা হচ্ছে খায়বার। সিরিয়া, হিজায ও নজদের মধ্যবর্তী একটা এলাকা হচ্ছে হজ্‌র। রাবউল খালীর মধ্যে হাদরামাউত ও ইয়ামামার মধ্যে আল-আহকাফ হচ্ছে একটি প্রসিদ্ধ অনাবাদী ভূমি যা একদা আরব জাতির বাসস্থান ছিল। মানচিত্রে উপরিউক্ত স্থানসমূহের দিকে নযর বুলালে আরব দেশের প্রদেশসমূহ ও মশহুর এলাকাসমূহ সম্পর্কে সঠিক ধারণা জন্মে।