hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

শাদী মুবারক

হযরত মুহাম্মদ (সাঃ)-এর আমানতদারী ও বিশ্বস্ততা, উন্নত চালচলন ও নিষ্কলুষ চরিত্রের কথা হযরত খাদীজা (রা)-এর কাছে গোপন ছিলো না। মক্কার প্রতিটি ধনাঢ্য ও সম্ভ্রান্ত ব্যক্তি তাঁকে শাদী করার জন্যে অত্যন্ত লালায়িত থাকা সত্ত্বেও তিনি নিজে নুফায়সা নাম্নী মহিলার মাধ্যমে এবং অন্য রিওয়ায়াত অনুসারে আতিকা ইব্‌ন আবদুল মুত্তালিবের মাধ্যমে হযরত মুহাম্মদ (সাঃ)-এর কাছে শাদীর প্রস্তাব পাঠালেন। চাচা আবূ তালিবও এ প্রস্তাব অনুমোদন করলেন। তিনিই শাদীর খুতবা পড়ালেন। এ শাদীর মজলিসে আমর ইব্‌ন ‘আসাদ, ওয়ারাকা ইব্‌ন সাওফিল প্রমুখ, হযরত খাদীজাতুল কুবরা (রা)-র সমস্ত ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং অনুরূপ হযরত মুহাম্মদ (সাঃ)-এর আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন। বিবাহের সময় হযরত মুহাম্মদ (সাঃ)-এর বয়স পঁচিশ বছর এবং হযরত খাদীজা (রা)-এর বয়স চল্লিশ বছর ছিল। হযরত খাদীজা (রা)-এর গর্ভে হযরত মুহাম্মদ (সাঃ)-এর তিন পুত্র এবং চার কন্যার জন্ম হয়।