hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

বনী কাহ্‌তানের সংক্ষিপ্ত কুলপঞ্জী নিম্নরূপ

[এখানে হার্ড কপি বইয়ে ছবি ছিল]

কাহ্তানী গোত্রসমূহের কেন্দ্রভূমি বা আদি নিবাস ইয়ামান ছিল বলে ধারণা করা হয়ে থাকে। এদের মধ্যে হিময়ারী ও ইযদী গোত্র অত্যন্ত বিখ্যাত বলে গণ্য হতো। সাবা শহর এবং দক্ষিণ আরবে ইযদীদের রাজত্ব ছিল। ইয়ামান দেশের সমৃদ্ধি সাধনে এরা অত্যন্ত তৎপর ছিলেন। সুলায়মান আলায়হিস সালামের সমসাময়িক বিলকীস রানী এদেরই বংশের লোক ছিলেন। ইয়ামান ও হাদরামাউতের শাসক মালকূক তাবাইয়াও এদেরই লোক ছিলেন। ইযদের একটি গোত্র মদীনায় এসে বসবাস শুরু করে এবং সেখানে তাদের রাজত্ব গড়ে তোলে। খোযাআ গোত্রীয়রা মক্কার দিকে মনোনিবেশ করে এবং সেখানে পূর্ব থেকে রাজত্বকারী জুরহাম গোত্রকে পরাভূত করে। ইযদের পুত্র নাসর তিহামা অঞ্চলে বসতি স্থাপন করেন। খোযাআর এক পুত্র ইমরান ওমানে গিয়ে বসতি স্থাপন করেন। তার বংশধর ইযদে ওমান নামে খ্যাতি লাভ করে। তার অপর পুত্র গাস্‌সান সিরিয়া সীমান্তে গিয়ে বসতি স্থাপন করে এবং সীমান্তবর্তী কবীলাসমূহকে পরাস্ত করে সেখানে স্বীয় রাজত্ব গড়ে তোলে। ইয়ামান কাহ্‌তানী বাদশাহদের রাজত্ব ঈসায়ী সপ্তম শতক পর্যন্ত কায়েম ছিল। গাস্‌সানের কাহ্‌তানী রাজত্বের সীমা রোমান সাম্রাজ্যের সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। অপর দিকে হীরার কাহ্‌তানী রাজ্য পারস্য সাম্রাজ্যের প্রতিবেশী ছিল। ইসলামের আবির্ভাবকালে কাহ্‌তানী গোত্রগুলো অত্যন্ত শক্তিশালী ছিল এবং গোটা আরব তারাই দাপটের সাথে শাসন করতো।