hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১২

হিম্‌স বিজয়

আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে, হযরত আবূ উবায়দাহ্ ইব্‌ন জার্‌রাহ (রা) হিমস জয়ের উদ্দেশ্যে যুলকিলা’ পর্যন্ত গিয়ে পৌঁছেন। যুলকিলা’ হচ্ছে সিরিয়ার ছয়টি জেলার অন্যতম। যুলকিলা মূলত একটি শহরের নাম। এ শহরকে কেন্দ্র করেই উক্ত জেলা গঠিত হয়েছিল।

ইংরেজীতে হিমসকে য়্যামেসা’ বলা হয়। ঐ শহরে সূর্য-দেবতার মন্দির ছিল। তাই পৌত্তলিকরা দূর-দূরান্ত থেকে সেখানে এসে সমবেত হত। জর্ডান ও দামিশ্‌ক জয় করার পর মুসলিম বাহিনী হিম্‌স, ইনতাকিয়া, বায়তুল-মুকাদ্দাস প্রভৃতি সেসব বিখ্যাত স্থান যেগুলো তখন পর্যন্ত মুসলমানগণের অধিকারভুক্ত হয়নি সেগুলোর দিকে রোখ করলেন। যখন ইসলামী বাহিনী যুলকিলা’ নামক স্থানে পৌঁছে তখন হিরাক্লিয়াস কূযার বাতরীক নামক জনৈক সেনাপতিকে তাদের মুকাবিলায় প্রেরণ করেন। শামস বাতরীককেও তার সাহায্যে পাঠান। উভয় বাতরীক (প্যাট্রিয়ক) মিলে ইসলামী বাহিনীর মুকাবিলা করেন। শেষ পর্যন্ত রোমান বাহিনী পরাজিত ও বিপর্যস্ত হয় এবং শাম্‌স্ বাতরীক হযরত আবূ উবায়দার হাতে নিহত হন। যে সমস্ত রোমান সৈন্য কোন না কোন মতে রক্ষা পেয়েছিল তারা প্রাণ নিয়ে পলায়ন করে। পলায়নপর সৈন্যরা যখন হিমসে গিয়ে পৌঁছে, তখন সেখানে অবস্থানরত হিরাক্লিয়াস হিম্‌স ত্যাগ করে আলরাবার চলে যান। হযরত আবূ উবায়দা (রা) এবার হিম্‌স্ ঘেরাও করেন। হিরাক্লিয়াস হিমসবাসীকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাঁর কোন সাহায্য হিমস্‌বাসীদের কাছে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত দামিশকবাসীদের ন্যায় বাধ্য হয়ে হিমসবাসীরাও সন্ধির মাধ্যমে হিমসকে মুসলমানদের হাতে তুলে দেয়। হিম্‌স দখলের পর মুসলমানগণ হিমস ও কিন্নাসরীনের মধ্যবর্তী হামাতের দিকে অগ্রসর হয়। হামাতবাসীরাও জিযিয়া প্রদানের শর্তে মুসলমানের সাথে সন্ধি করে। তারপর মুসলিমগণ শীরয্ ও মুয়াররাহ দখল করেন। তারপর আরো অগ্রসর হয়ে লায্‌কিয়াহ শহরে গিয়ে পৌঁছে। সেখানে খ্রিস্টানরা তাদের মুকাবিলা করে এবং পরাজিত হয়। লায্‌কিয়ার পর সাল্লামিয়াও মুসলমানগণ অস্ত্রবলে দখল করে নেয়।