hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

সিরিয়ায় দ্বিতীয় সফর

হযরত খাদীজা (রা)-এর ব্যবসাপণ্যসহ বাণিজ্যিক কাফেলার সাথে হযরত মুহাম্মদ (সাঃ) শাম দেশে প্রবেশ করে একটি উপাসনালয়ের নিকট তাঁবু স্থাপন করেন। এ উপাসনালয়ে নাস্তুরা নামক একজন ধর্মযাজক বাস করতেন। নাস্তুরা তাকে দেখতে পেয়েই তার উপাসনালয় থেকে কয়েকটি আসমানী কিতাব নিয়ে এলেন এবং হযরত মুহাম্মদ (সাঃ)-এর দেহাবয়ব ও চেহারা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি একবার কিতাবের দিকে আর একবার হযরত মুহাম্মদ (সাঃ)-এর দিকে দেখতে লাগলেন। তিনি হযরত নবী (সাঃ)-এর চেহারার সাথে কিতাবের বিবরণ মিলিয়ে দেখছিলেন। তাঁর এ অদ্ভুত হাবভাব লক্ষ্য করে, খুযায়মার মনে সন্দেহ দেখা দিলো। তিনি চিৎকার করে উঠলেন ইয়া আলে গালিব! অর্থাৎ হে গালিব বংশীয়রা! বাঁচাও! বাঁচাও!! তার এ চীৎকার শুনে কুরায়শরা চতুর্দিক থেকে এসে সমবেত হলো। কুরায়শদেরকে এভাবে তেড়ে আসতে দেখে নাস্তুরা রীতিমত ঘাবড়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে তার উপাসনালয়ের ছাদে উঠলেন। সেখান থেকেই তিনি কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন : তোমাদের ভয়ের কোন কারণ নেই। আমি আসমানী কিতাবসমূহের সাথে তোমাদের সঙ্গীটির অবস্থা মিলিয়ে দেখলাম। আখিরী যামানার নবীর যেসব নিদর্শনের কথা কিতাবে বর্ণিত হয়েছে তার সবক’টি নিদর্শনই এর মধ্যে বিদ্যমান। শুনে সকলে আশ্বস্ত হলেন। এ যাত্রায়ও কাফেলার পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা হলো। এভাবে কয়েকবারই খাদীজার ব্যবসা পণ্য নিয়ে তিনি বাহ্‌রায়ন, ইয়ামান ও সিরিয়ায় যাত্রা করেন এবং প্রতিবারই ব্যবসায় প্রচুর মুনাফা হয়।