hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৮

মুসলমানদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ

মদীনাবাসীর অধিকাংশ হযরত আলী (রা)-এর নির্দেশ অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলে তিনি কুছাম ইব্‌ন আব্বাস (রা)-কে মদীনায় তাঁর স্থলাভিষিক্ত প্রশাসক নিয়োগ করেন এবং আপন পুত্র মুহাম্মদ ইবনুল হানাফিয়া (রা)-এর হাতে সেনাবাহিনীর পতাকা তুলে দেন। তিনি আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা)-কে ডান পাশের বাহিনীর (মায়মানা), আমর ইব্‌ন আবী সালমাকে বামপার্শ্বের বাহিনীর এবং আবূ উবায়দা ইবনুল জাররাহর ভাই আবূ লায়লা ইবনুল জাররাহকে সম্মুখবর্তী বাহিনীর (মুকাদ্দিমাতুল জায়শ) অধিনায়ক নিয়োগ করেন। তিনি এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন যাতে বিদ্রোহীদের কেউ (যাদের বেশীর ভাগ লোক তখনো মদীনায় অবস্থান করছিল।) সেনাবাহিনীর কোন অংশের অধিনায়কত্ব না পায়। এভাবে হযরত আলী (রা) তাঁর বাহিনীর বিভিন্ন অংশের অধিনায়কত্ব বন্টন করেন। কিন্তু বাহিনীটি তখনো মদীনা থেকে রওয়ানাই হয়নি। এমনি সময়ে মক্কার দিক থেকে সংবাদ এল যে, সেখানে তাঁর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি চলছে। এই সংবাদ পাওয়া মাত্র হযরত আলী (রা) সিরিয়া আক্রমণের সংকল্প তখনকার মত মুলতবি করেন।