hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

প্রতিশ্রুতি পালন

হযরত নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সল্লাম যখন আমর ইব্‌ন উমাইয়া কর্তৃক পথিমধ্যে ঐ দুই ব্যক্তিকে হত্যা করার কাহিনী শুনলেন, তখন বললেন, ঐ দু’ব্যক্তি তো আমাদের যিম্মায় ছিল এবং আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল। এখন তাদের রক্তপণ দেয়া আবশ্যক। ইয়াহূদীদের বনী নাযীর গোত্র ছিল বনূ আমির গোত্রের মিত্রপক্ষ। এদিকে মুসলমানদের সাথেও ছিল তারা সন্ধিবদ্ধ। তাই রক্তপণ আদায়ে তাদের সাহায্যে করা ছিল কর্তব্য। এ জন্য হযরত নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এই রক্তপণের ব্যাপারে বনূ নাযীরের সাথে পরামর্শ করা প্রয়োজন মনে করলেন এবং এই উদ্দেশ্যে তাদের মহল্লা বা বস্তিতে স্বয়ং উপস্থিত হলেন। তাঁর সাথে হযরত আবূ বকর (রা), হযরত উমর (রা) ও হযরত আলী (রা)-ও গেলেন। বনূ নাযীর তাঁর আগমনের বাহ্যত রক্তপণে শরীক হতে প্রস্তুত বলে মত প্রকাশ করলো। তাকে তাদের দুর্গপ্রাচীরের ছায়ায় বসালো এবং মানুষজন সংগ্রহ ও ডাকার অজুহাতে এদিক-ওদিক চলে গেলো। তারা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে এমন এক স্থানে বসিয়েছিল যে, ঐ স্থান বরাবর দুর্গপ্রাচীরের উপর একটি মস্তবড় পাথর দেয়ালের মতো খাড়া করে রাখা ছিল। তারা তার থেকে দূরে গিয়ে পরামর্শ করলো যে, এটা একটা মোক্ষম সুযোগ। কোন এক ব্যক্তি দুর্গের উপর আরোহণ করে উপর থেকে এই পাথরটি ধাক্কা দিয়ে যদি ফেলে দেয় তাহলেই মুহাম্মদ (সাঃ) ও তার তিন সঙ্গী পিষ্ট হয়ে যাবে।