hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

বাণিজ্যে গমন

হযরত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম যৌবনে পদার্পণ করলে তিনি ব্যবসা করতে মনস্থ করলেন। চাচা আবূ তালিবও তার জন্যে এ পেশা পছন্দ করলেন। তিনি কয়েক বারই ব্যবসাপণ্য নিয়ে যাত্রা করেন এবং প্রতিবারেই ব্যবসায়ে বেশ মুনাফা হয়। এ সব সফরে লোকজন তার বিশ্বস্ততা, আমানতদারী ও চমৎকার লেনদেন প্রত্যক্ষ করে। মক্কা শহরেও যাদের সাথেই তার লেনদেন বা ব্যবসায়িক আদান-প্রদান হয়েছে সকলের কাছেই তিনি অত্যন্ত বিশ্বস্ত, সত্যবাদী ও চমৎকার চরিত্রের লোক বলে প্রতিপন্ন হন। সাহাবী হযরত আবদুল্লাহ ইব্‌ন আবুল হামসা (রা) বলেন, নবুওয়াত পূর্বের ঐ সময়টাতে একবার হযরত নবী (সাঃ)-এর সাথে আমার একটি ব্যবসা সংক্রান্ত লেনদেনের কথা হচ্ছিলো। এমন সময় কোন একটি কাজে একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তাই কথা শেষ না করেই “আমি একটু আসছি, আপনি অপেক্ষা করুন” বলেই চলে যাই। তারপর তার সাথে আমার এ ওয়াদার কথা আমি ভুলে যাই। তৃতীয় দিনে যখন সেখান দিয়ে আমি যাচ্ছিলাম আমি লক্ষ্য করি যে, তিনি তখনো সেখানে এক ঠায় দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখেই কেবল এটুকুই বললেন, তুমি আমাকে ভীষণ বিপদে ফেলে দিয়েছ। আমি এ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে তোমার অপেক্ষাই করছি। অনুরূপভাবে সাহাবী হযরত সায়েব (রা) যখন ইসলাম গ্রহণ করেন, তখন কেউ কেউ হুযুর (সাঃ)-এর নিকট তাঁর প্রশংসা করছিলেন। তখন হুযূর (সাঃ) বললেন : আমি সায়েবকে তোমাদের চাইতে বেশী চিনি। তখন হযরত সায়েব (রা) বলে উঠলেন : ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার জন্যে কুরবান হোক! একবার ব্যবসায়ে আমি আপনার অংশীদার ছিলাম। আপনার লেনদেন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন।