hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২৮

হযরত ইমাম হাসান (রা) নাম, বংশ-পরিচয়, দৈহিক গঠন ইত্যাদি

হাসান ইব্‌ন আলী ইব্‌ন আবূ তালিবকে খুলাফা-ই-রাশিদীনের সর্বশেষ মনে করা হয়। তিনি হিজরী ৩ সনের মধ্যশাবানে জন্মগ্রহণ করেন। তাঁর চেহারার সাথে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর চেহারার অনেক মিল ছিল। তার নাম রাসূলুল্লাহ (সাঃ)-ই রেখেছিলেন। জাহিলী যুগে কারো এই নাম ছিল না। ইমাম বুখারী (র) হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সাঃ) একদা মিম্বরের উপর বসা ছিলেন এবং তার পাশেই বসা ছিলেন হাসান (রা)। তিনি কখনো জনতার দিকে, আবার কখনো হাসানের দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন : আমার এই পুত্র (নাতি) হচ্ছে একজন নেতা। সে মুসলমানদের দু’দলের মধ্যে সন্ধি স্থাপন করবে। ইব্‌ন আব্বাস (রা) বলেন, একদা রাসূলুল্লাহ্ (সাঃ) হাসানকে আপন কাঁধের উপর বসিয়ে রেখেছিলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ হলে সে হাসানকে সম্বোধন করে বলল, বৎস! তুমি তো একজন উত্তম সওয়ারী (বহনকারী) পেয়েছ। তখন রাসূলুল্লাহ (সাঃ) বলেন, সওয়ারও (আরোহীও) যে অতি উত্তম। আবদুল্লাহ ইবনুয যুবায়র (রা) বলেন, আহলে বায়ত’ (রাসূলের পরিবারবর্গ)-এর মধ্যে হাসানের সাথে রাসূলুল্লাহ (সাঃ)-এর চেহারার অনেক মিল ছিল এবং তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন।