hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৬

দুল্‌জা’র যুদ্ধ

কারিন প্রমুখের মৃত্যু সংবাদ শ্রবণ করে ইরানের রাজদরবার থেকে আ‘দায্‌গর নামক জনৈক বিখ্যাত অশ্বারোহীকে একদল বাহাদুর লশকরসহ প্রেরণ করা হলো। এই বাহিনী মাদায়েন থেকে রওয়ানা হয়ে দুল্‌জা নামক স্থানে পৌঁছেছিল। ইতিমধ্যে পেছন থেকে বাহমান জাদওয়ায়হ নামক আরেক মস্ত সরদারকে এক বিরাট বাহিনীসহ মাদায়েন থেকে প্রেরণ করা হলো। দুল্‌জা নামক স্থানে পৌঁছে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) ইরানী বাহিনীর উপর হামলা চালালেন। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরানী বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হলো। তাদের সরদারও প্রচণ্ড পিপাসায় যুদ্ধক্ষেত্রে মারা গেলো। বাহমান জাদওয়ায়হ লায়স নামক স্থানে পৌঁছামাত্র পলায়নপর ইরানীরা তার লশকরে গিয়ে শামিল হলো। এই যুদ্ধে বহু খ্রিস্টান আরব ও ইরানী বাহিনীতে এসে শরীক হয়েছিল। বাহমান জাদওয়ায়হ ইরানী ও আরবদের এই বিরাট বাহিনীকে লায়স নামক স্থানে রেখে স্বয়ং মাদায়েন অভিমুখে রওয়ানা করলো। কেননা, সেখানে তার প্রয়োজন ছিল না।