hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

প্রথম সিরিয়া সফর

প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের বয়স তখন বারো বছর। আবূ তালিব এক বাণিজ্য কাফেলার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া যেতে মনস্থ করলেন। কিশোর নবীকে তিনি মক্কায়ই রেখে যেতে চাইলেন। কিন্তু আবূ তালিবের হাতে প্রতিপালিত হওয়ার গোটা সময়টায় যেহেতু তিনি চাচার সাথে সাথে রয়েছেন, তাই এবার চাচাকে ছেড়ে একা মক্কায় থাকতে কোন মতেই তার মন মানছিল না। আবূ তালিব তার ইয়াতীম ভাতিজার মনের কথা টের পেলেন এবং যাতে তার মনের কষ্ট না হয় সেজন্যে তাঁকেও সাথে নিয়েই যাত্রা করলেন। সিরিয়ার দক্ষিণাংশে বসরা নামক স্থানে যখন তারা উপনীত হলেন, তখন সেখানে বসবাসকারী খ্রিস্টান রাহিব বা ধর্মযাজক বাহীরা তাঁকে দেখেই আখিরী যামানার নবী বলে তাকে শনাক্ত করেন। তিনি আবূ তালিবের নিকট এসে বলেন যে, আপনার এ ভাতিজাটি নবী হবেন। তাওরাত ও ইনজীলে আখিরী যামানার নবীর যেসব নিদর্শন বর্ণিত হয়েছে, সেসবই এর মধ্যে বিদ্যমান। আপনি একে নিয়ে ইয়াহূদীদের দেশে যাবেন না। তারা তার ক্ষতি করবার চেষ্টা করবে। বাহীরা রাহিবের কথা শুনে আবূ তালিব সতর্ক হলেন এবং মুহূর্তমাত্র বিলম্ব না করে তার মালপত্র ওখানেই বিক্রি করে দিয়ে ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে এলেন। আবূ তালিব এ যাত্রায় সিরিয়ার শহরসমূহে না গিয়েও প্রভূত মুনাফা অর্জন করলেন। একটি রিওয়ায়াতে আছে যে, আবূ তালিব বাহীরা রাহিবের কথা শুনে কিশোর নবীকে সেখান থেকেই মক্কায় ফেরত পাঠিয়ে দেন আর নিজে কাফেলার সাথে সিরিয়ায় যান।