hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪৮

ইরানী শাসনব্যবস্থায় রদবদল

হিজরী ২৭ সনের প্রথম দিকে বসরাবাসীরা তাদের শাসনকর্তা (গভর্নর) হযরত আবূ মূসা আশআরী (রা)-এর বিরুদ্ধে অভিযোগ পেশ করলে হযরত উসমান গনী (রা) তাঁকে পদচ্যুত করে আপন মামাত ভাই হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমের ইব্‌ন কুরয ইব্‌ন রাবীআ ইব্‌ন হাবীব ইব্‌ন আবদে শামসকে কূফার গভর্নর নিয়োগ করেন। ঐ সময় হযরত ইব্‌ন আমের (রা)-এর বয়স ছিল আনুমানিক ২৫ বছর। এতদসত্ত্বেও হযরত উসমান গনী (রা) তাঁকে শুধু হযরত আবূ মূসা আশআরী (রা)-এর অধীনস্থ বাহিনীর নয়, বরং আম্মান ও বাহরায়নের গভর্নর হযরত উসমান আস-সাকাফী (রা)-এর অধীনস্থ বাহিনীরও নেতৃত্ব প্রদান করেন। উবায়দুল্লাহ্ ইব্‌ন মামার (রা) ছিলেন খুরাসানের গভর্নর। খলীফা হযরত উসমান গনী (রা) তাঁকে সে পদ থেকে বদলী করে ফারিস প্রদেশের গভর্নর নিয়োগ করেন। আর খুরাসানের গভর্নর নিয়োগ করেন হযরত উমায়র ইব্‌ন উসমান ইব্‌ন সা‘দ (রা)-কে। হযরত উমায়র ইব্‌ন উসমান খুরাসান পৌঁছেই অত্যন্ত দৃঢ়তার সাথে সেখানকার শাসনব্যবস্থা ঢেলে সাজান এবং ফারগানাসহ সমগ্র এলাকা মুসলিম অধিকারে নিয়ে আসেন। হিজরী ২৭ সনের শেষ ভাগে ও ২৮ সনের প্রথম ভাগে হযরত উমায়র ইব্‌ন উসমান (রা)-কে খুরাসানের গভর্নরের পদ থেকে অপসারণ করা হয়। ঐ সময়ে হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা)-কে কিরমানের শাসনকর্তা নিয়োগ করা হয়। কিছু দিন পর তাঁকে পদচ্যুত করে তার স্থলে আসিম ইব্‌ন আমর (রা)-কে নিয়োগ করা হয়। ঐ সময় হযরত ইমরান ইব্‌ন নুফায়ল (রা)-কে সিজিস্তানের গভর্নর নিয়োগ করা হয়।