hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬১

ইয়াহূদীর শাস্তি

এখানে স্মর্তব্য যে, বনূ নাযীর যখন দেশান্তরিত হয়ে খায়বার ও সিরিয়ার দিকে চলে গিয়েছিল, তখন থেকেই তারা অনবরত তাদের তৎপরতা ও ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত রেখেছিল। তাদের তৎপরতার কারণেই আরবের মুশরিক ও ইয়াহূদী গোত্রগুলো যত্রতত্র মুসলমানদের মূলোচ্ছেদ করার জন্য অনুপ্রাণিত হতে থাকে এবং তাদেরই ষড়যন্ত্রের ফলে খ্রিস্টান বাহিনীও সিরীয় সীমান্তে মুসলমানদেরকে আশংকার দৃষ্টিতে দেখতে থাকে। যেহেতু মুসলমানদের বিরুদ্ধে সমগ্র আরব দেশ ও সমগ্র আরব গোত্রকে বিক্ষুব্ধ করে তোলা হয়েছিল এবং যত্রতত্র সমগ্র আরব উপদ্বীপে মুসলমানদের মূলোৎপাটন করার ব্যবস্থা করা হচ্ছিল, তাই হযরত নবী করীম (সাঃ) দেশের প্রতিটি অংশ ও প্রতিটি গোত্র সম্পর্কে অবহিত থাকার চেষ্টা করতেন। আর যেখানেই বিপদ ও গণ্ডগোল মাথাচাড়া দেয়ার আশংকা দেখা দিতো নিজ মুসলিম বাহিনী দ্বারা তাকে শক্তি সঞ্চয় করার পূর্বেই দমন করতেন। এই পরিস্থিতিতে উপরে বর্ণিত ছোট ছোট অভিযানগুলো পরিচালিত হয়েছিল।