hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

যিমাদ ইযদী (রা)

যিমাদ ইযদী ছিলেন আরবের মশহুর যাদুকর। তিনি ছিলেন ইয়ামানের অধিবাসী। তিনি একবার মক্কায় আসলেন। তিনি কুরায়শদের কাছে শুনতে পান যে, মুহাম্মদ (সাঃ)-এর উপর জিন ভূতের আছর আছে। তিনি বলে উঠলেন : আমি আমার মন্ত্র প্রয়োগে এক্ষুণি তার চিকিৎসা করে দিচ্ছি। সত্যি সত্যি ঐ ব্যক্তি হযরত মুহাম্মদ (সাঃ)-এর কাছে এসে বললেন, আমি আপনাকে আমার মন্ত্র শোনাচ্ছি। হযরত নবী করীম (সাঃ) বললেন : প্রথমে আমারটা শুনে নাও, তারপর তোমার মন্ত্র শুনিয়ো। তারপর তিনি তাঁর খুতবার ভূমিকা অংশ এভাবে শুরু করলেন :

الحمد لله نحمده ونستعينه من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهدوا ان محمدا عبده ورسوله .

এতটুকু উচ্চারণ করতেই যিমাদ চীৎকার করে বলে উঠলো : আচ্ছা, এ কথাগুলো আবার বলুন তো! পুনঃ পুনঃ কয়েকবার তিনি এ বাক্যগুলো তার মুখে উচ্চারণ করিয়ে শুনলেন। তারপর বললেন : আমি অনেক ভবিষ্যদ্বক্তা, যাদুকর ও কবিকে দেখেছি এবং তাদের কথাবার্তা শুনেছি, কিন্তু এমন ব্যাপক অর্থবোধক অলংকারসমৃদ্ধ কথা আমি কারো মুখে কোনো দিন শুনিনি। তারপর তিনি বললেন : আপনি হাত বাড়ান, আমি আপনার হাতে মুসলমান হচ্ছি এবং ইসলামের জন্যে বায়‘আত হচ্ছি।