hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

সুয়াইদ ইব্‌ন সামিত

নবুওয়াতের একাদশ বর্ষ তখন শুরু হয়ে গেছে। মদীনাবাসী আওস গোত্রের জনৈক সুয়াইদ ইব্‌ন সামিত মক্কায় এলো। লোকটি তার স্বগোত্রে কামিল খিতাবে মশহুর ছিলো। ঘটনাচক্রে হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাথে তাঁর মূলাকাত হলো। তিনি লোকটাকে ইসলামের দাওয়াত দিলেন। সে বললো, সম্ভবত আমার কাছে যা আছে আপনার কাছেও তা-ই আছে। হযরত মুহাম্মদ (সাঃ) তখন জিজ্ঞেস করলেন : তোমার কাছে কী আছে হে! সে বললো : লুকমানের হিকমত বা জ্ঞানরাশি। তিনি বললেন : আচ্ছা, তা থেকে একটু শোনাও তো দেখি! সে তা পড়ে শোনালে হযরত মুহাম্মদ (সাঃ) বললেন : এটা ভালো বাণী! কিন্তু আমার কাছে রয়েছে কুরআন মজীদ, এর থেকে উত্তম ও শ্রেয় এবং এটা হচ্ছে হিদায়াত ও নূর। তারপর তিনি তাকে কুরআন মজীদ তিলাওয়াত করে শোনালেন। সে তা শুনে স্বীকার করলো যে, সত্যিই এ হিদায়াত ও নূর। কোনো কোনো রিওয়ায়াতে আছে যে, সে মুসলমান হয়ে যায়। আবার কোনো কোনো রিওয়ায়াতে আছে যে, সে মুসলমান হয়নি বটে, কিন্তু হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরোধিতা মোটেই করেনি। মদীনায় প্রত্যাবর্তনের পর আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের মধ্যে সংঘটিত এক যুদ্ধে সে নিহত হয়।