hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮২

দাঙ্গাবাজদের অবাধ্যতা

বায়‘আতে খিলাফতের তৃতীয় দিন হযরত আলী (রা) নির্দেশ দিলেন কূফা, বসরা, মিসর এবং অন্যান্য প্রদেশ থেকে আগত সকল আরবই যেন মদীনা থেকে চলে যায়। কিন্তু আবদুল্লাহ্ ইব্‌ন সাবা এবং তার দলের লোকেরা এ হুকুম অমান্য করে মদীনা তাইয়িবা থেকে চলে যেতে অস্বীকার করে এবং বেশীর ভাগ দাঙ্গাবাজও এ ব্যাপারে তাদেরকে সমর্থন করে। প্রকৃতপক্ষে এটা ছিল হযরত আলী (রা)-এর খিলাফতের জন্য সর্বপ্রথম অশুভ সংকেত। কেননা, তার নির্দেশ এ লোকেরাই মানতে অস্বীকার করছে যারা নিজেদেরকে তারই জন্য উৎসর্গীকৃত প্রাণ বলে জাহির করত। তারপর হযরত তালহা (রা) ও হযরত যুবায়র (রা) হযরত আলী (রা)-এর সাথে সাক্ষাৎ করে বলেন, আপনি আমাদেরকে বসরা ও কূফাতে পাঠিয়ে দিন। যেহেতু সেখানকার লোকদের সাথে আমাদের ভাল সম্পর্ক রয়েছে, তাই আমরা সেখানে গিয়ে মানুষের বিক্ষিপ্ত চিন্তাধারাকে একীভূত করার চেষ্টা করবো। তাঁদের একথার উপর হযরত আলী (রা)-এর কিছুটা সন্দেহ জাগে। তাই তিনি তাঁদের উভয়কে মদীনা তাইয়িবা থেকে বাইরে যেতে নিষেধ করে দেন।