hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৫

বাফ্‌রাস, মারআশ ও হারস বিজয়

সিরিয়ার দিক থেকে নিশ্চিন্ত হয়ে এবং প্রত্যেকটি শহরে ও জনবসতিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে হযরত আবূ উবায়দা ফিলিস্তীন জয়ের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেন এবং মায়সারা ইব্‌ন মাসরূকের নেতৃত্বে বাহিনী বাফ্‌রাম (ইনতাকিয়া অঞ্চলের এশিয়া মাইনর সীমান্তে অবস্থিত একটি স্থান)-এর দিকে পাঠান। সেখানে গাস্‌সান, তানূখ, ইয়াদ প্রভৃতি আরব গোত্র বসবাস করত। তারা খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল বিধায় ইনতাকিয়া বিজয়ের অবস্থাদি শুনে হিরাক্লিয়াসের কাছে চলে যাবার প্রস্তুতি নিতেছিল। হযরত মায়সরা ইব্‌ন মাসরূক (রা) সেখানে পৌঁছেই তাদের উপর হামলা চালান। খ্রিস্টানরাও পাল্টা হামলা চালায়। ফলে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। হযরত আবূ উবায়দা (রা) হযরত মালিক ইব্‌ন আশতার নাখঈ (রা)-কে হযরত মায়সারা (রা)-এর সাহায্যার্থে ইনতাকিয়া থেকে প্রেরণ করেন। এ নতুন বাহিনী সেখানে পৌঁছার সাথে সাথে খ্রিস্টানরা ঘাবড়ে যায় এবং হতবুদ্ধি হয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করে। হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মারআশে গিয়ে পৌঁছেন। সেখানকার খ্রিস্টানরা স্বেচ্ছা-নির্বাসনের অনুমতি নিয়ে শহরটি হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর হাতে সমর্পণ করে। অনুরূপভাবে হযরত হাবীব ইব্‌ন মাসলামা (রা) একটি বাহিনী নিয়ে হারস দুর্গে গিয়ে পৌঁছেন এবং তা অধিকার করে নেন।