hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৬

হিজরতের নবম বছর

মক্কা বিজয় ও হুনায়ন যুদ্ধের পর হযরত নবী করীম (সাঃ) মদীনা মুনাওয়ারায় আগমন করলেন। তখন আরবদেশের মুশরিক লোকেরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো। নবম হিজরী শুরু হতেই আরব দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জাতি-গোষ্ঠী তাদের প্রতিনিধি প্রেরণ করে হযরত নবী করীম (সাঃ)-এর আনুগত্য স্বীকার করলো এবং ইসলাম গ্রহণ করলো! এ বছর অত্যধিক প্রতিনিধি দলের আগমন ঘটে এবং আরব জাতি-গোষ্ঠী সমানে মুসলমান হতে থাকে। এজন্য নবম হিজরী আমূল উফুদ বা প্রতিনিধির বছর নামে খ্যাত। তখন জাগতিক দিক থেকেও হযরত নবী (সাঃ) আরবের শাহানশাহের মর্যাদা লাভ করেছিলেন। মুসলমানদের উপর যাকাত ফরয ছিল। যেসব গোত্র তখনো মুসলমান হয়নি, তাদের নিকট থেকে সামান্য পরিমাণ অর্থ জিযিয়া হিসাবে আদায় করা হতো। এই যাকাত বা জিযিয়াই ছিল সেই খারাজ বা কর, যা হযরত নবী করীম (সাঃ)-এর সাম্রাজ্যের প্রজাসাধারণ থেকে আদায় করা হতো। যাকাত আদায়ের জন্য তিনি সর্বত্র সরকারী কর্মচারী নিযুক্ত করে পাঠান। প্রথম প্রথম যাকাত আদায় নিয়ে কিছুটা জটিলতাও দেখা দেয়। কোন কোন কর্মচারীও শহীদ হন। কোন কোন গোত্রকে এই ব্যবস্থা কায়েম রাখার জন্য তিরস্কারও করা হয় এবং অবশেষে এই ব্যবস্থা ও রাষ্ট্রনীতি সুষ্ঠুরূপে প্রতিষ্ঠা লাভ করে।