hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

প্রেম-প্রীতি

আরব জাহিলিয়াতে পর্দার কোন বালাই ছিলো না। তাদের মহিলারা যথাযথভাবে পুরুষদের সম্মুখে আনাগোনা করতো। জীবন যাত্রার উপায়-উপকরণ ও ব্যস্ততার অভাব, বল্গাহীন চরিত্র ও মেজায, প্রচুর অবসর, কাব্যিকতা ও বংশগৌরব, উপরন্তু উত্তপ্ত আবহাওয়া ও নিঃসর্গ তাদের মধ্যে এ ব্যাধিরও জন্ম দেয়। জাহিলিয়াত আরব সমাজে ঐ ব্যক্তি চরম নীচ ও অভদ্র বলে বিবেচিত হতো যার কোন রমণীর সাথে কোন দিন প্রেমের সম্পর্ক গড়ে উঠেনি। আরবের কোন কোন কবীলা প্রেমলীলার জন্যে বিখ্যাত ছিলো। উদাহরণস্বরূপ আযরা গোত্রের কথা বলা যেতে পারে। তাদের প্রেমলীলা এতই মশহুর ছিলো যে, আরবের একটি প্রবাদবাক্য অত্যন্ত মশহুর তা হলো : عشق من بنى عذرة । অর্থাৎ অমুক প্রেমলীলায় বনী উযরাকেও মাত করে দিয়েছে। জনৈক বেদুঈনকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে জবাবে বলেছিলো, আমি এমনি এক গোত্রের লোক যারা প্রেম করলে অনিবার্যভাবে সে প্রেমের জন্যে মৃত্যুকে আলিঙ্গন করে। জনৈক কিশোরী তা শুনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করলো : عذرى ورب الكعبة অর্থাৎ কা‘বার প্রভুর কসম, তুমি অবশ্যই আযরা গোত্রের লোক হবে।