hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

তুফায়ল ইব্‌ন আমর দুওসী (রা)

ইয়ামানে দুওস কবীলার বাস ছিলো। সেই কবীলার সরদার তুফায়ল ইব্‌ন আমর ইয়ামানের বিখ্যাত রঈসদের অন্যতমরূপে গণ্য হতেন। তুফায়ল তার জ্ঞানবত্তা ছাড়াও একজন বড় কবি ছিলেন। ঐ বছর অর্থাৎ একাদশ নববী বর্ষে তিনি ঘটনাক্রমে মক্কায় আগমন করেন। তুফায়ল ইবন আমরের আগমন সংবাদে মক্কার সরদারগণ তাঁকে অভ্যর্থনা জানাবার জন্যে মক্কার বাইরে এগিয়ে যায়-এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দ্বারা তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে। তারা তাকে মক্কায় নিয়ে আসে। কুরায়শদের ভয় ছিল পাছে মুহাম্মদ (সাঃ)-এর সাথে তুফায়লের সাক্ষাৎ না হয়ে যায় আর তিনি তার উপর তার যাদুকরী প্রভাব বিস্তার করে না বসেন। তাই তুফায়লের মক্কা প্রবেশের সাথে সাথে তুফায়লকে বলে যে, আমাদের এ মক্কায় আজকাল এমন এক যাদুকরের আবির্ভাব ঘটেছে—যে গোটা শহরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তার কুপ্রভাবে পিতা তার পুত্র থেকে, পুত্র তার পিতা থেকে, ভাই তার ভাই থেকে, স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যেহেতু আমাদের সম্মানিত অতিথি, তাই এর ব্যাপারে আপনি সতর্ক থাকবেন এবং এ যাদুকরের অর্থাৎ মুহাম্মদের মুখ থেকে কোন কথা শুনবেন না। কুরায়শদের বার বার সতর্কীকরণ ও ভীতি প্রদর্শনে তুফায়ল এতই ভীত হলো যে, তিনি তার দুই কানে তুলা ঠেসে দিলেন—যাতে কোনক্রমেই ঐ যাদুকরের কথা তার কর্ণমূলে প্রবেশ করতে না পারে।

একদিন ভোরবেলা তুফায়ল স্বীয় কানে তুলো দিয়ে খানায়ে কা‘বায় প্রবেশ করলেন। হযরত নবী করীম (সাঃ) তখন সেখানে ফজরের নামায পড়ছিলেন। হযরত মুহাম্মদ (সাঃ)-এর নামাযের নিয়ম পদ্ধতি চোখে দেখে তুফায়লের কাছে ভালই ঠেকলো। তিনি তাঁর আরো নিকটবর্তী হলেন। সেখানে তার কিরাতের ধ্বনি অল্প অল্প তার কানে ঢুকছিলো। তারপর তুফায়ল ভাবলেন, আচ্ছা, আমি নিজেও তো একজন কবি মানুষ। নিজের জ্ঞানবুদ্ধি ও বিবেক আছে। ঐ ব্যক্তির কথা ভাল হলে মেনে নেবো, মন্দ হলে প্রত্যাখ্যান করবো। একথা মনে আসতেই তিনি কান থেকে তুলো খুলে ফেলে দিলেন। হযরত মুহাম্মদ (সাঃ) নামায শেষে যখন ঘরের দিকে পা বাড়ালেন তখন তুফায়লও পিছে পিছে তার সাথে যেতে লাগলেন। তিনি তাকে তার বাণী শোনাবার আবেদন জানালেন। হযরত মুহাম্মদ (সাঃ) কুরআন শরীফ তিলাওয়াত করে শোনালেন। সাথে সাথে তুফায়ল ইসলাম গ্রহণ করলেন। তিনি আরয করলেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি দুআ করুন, আমার মাধ্যমে যেন আমার গোটা গোত্রকে ইসলাম গ্রহণের তাওফীক আল্লাহ তা‘আলা দান করেন। তুফায়ল মক্কা থেকে বাড়ি প্রত্যাবর্তন করে তাঁর গোত্রের লোকজনকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তুফায়ল হযরত মুহাম্মদ (সাঃ)-কে বলেন যে, মক্কাবাসীরা আপনাকে জ্বালাতন করে। আপনি হিজরত করে আমাদের ওখানে চলুন। জবাবে হযরত মুহাম্মদ (সাঃ) বলেন : যখন আল্লাহ তা‘আলা আমাকে হিজরত করার আদেশ দিবেন, তখনই আমি হিজরত করবো। তিনি যেখানে হিজরত করার নির্দেশ দেবেন, সেখানেই আমি হিজরত করবো।