hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

আরবের প্রাচীন অধিবাসী

আরবদেশে প্রাচীনকাল থেকেই হযরত নূহ আলায়হিস সালামের পুত্র সামের বংশধরদের বাস ছিল। কাল হিসাবে ঐতিহাসিকগণ আরবের অধিবাসীদেরকে তিন ভাগে ভাগ করেছেন। ১. আরবে বায়িদা, ২. আরবে আরিবা ও ৩. আরবে মুস্‌তারিবা।

আরবে বায়িদা বলতে সেসব জাতির লোকজনকে বোঝায় যারা প্রাচীনকালে আরবের আদি অধিবাসী ছিল। তাদের সকলেই ধ্বংস হয়ে গেছে। তাদের কোন বংশধর পৃথিবীতে আর অবশিষ্ট নেই। অনেকে আরবে আরিবা ও আরবে মুস্‌তারিবা এ উভয় গোষ্ঠীকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত বলে অভিহিত করে এদের সম্মিলিত নাম দিয়েছেন আরবে বাকিয়া। তাঁদের মতে আরবের অধিবাসীরা দুই শ্রেণীভুক্ত : ১. আরবে বায়িদা ও ২. আরবে বাকিয়া।

আরবে বাকিয়া হচ্ছে তারা যারা এখনো আরব দেশে বাস করছে। তাদেরও দু’টি শ্রেণী, তারা ‘আরিবা ও মুস্‌তারিবা নামে অভিহিত। কেউ কেউ আরববাসীদেরকে চার শ্রেণীতে ভাগ করেছেন :১. আরবে বায়দা বা আরবে আরিবা, ২. আরবে মুস্‌তারিবা, ৩. আরবে তাবিয়া ও ৪. আরবে মুস্‌তা‘জিমা।