hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৭

মুনাফিকদের একটি হিংস্র ঘটনা

উরায়না একটি উন্মুক্ত উপত্যকার নাম। সেখানকার বনূ উকুলের কিছু সংখ্যক লোক মদীনায় এসে বাহ্যত ইসলাম গ্রহণ করলো এবং কিছু দিন মদীনায় অবস্থান করে অভিযোগ করলো যে, আমরা গবাদি পশুর দুধ খেয়ে জীবন ধারণ করি। অন্যবিধ খাদ্যদ্রব্য আহার করতে আমরা অভ্যস্ত নই। তাই মদীনায় থাকার ফলে আমাদের শরীরে খোস-পাঁচড়া হয়েছে। আমরা মারাত্মক শারীরিক পীড়ায় আক্রান্ত। হযরত নবী করীম (সাঃ) তাদের তাঁর উটের চারণভূমি কুবা উপত্যকায় পাঠিয়ে দিলেন। সেখানে দুধ খেয়ে খেয়ে যখন তারা খুব স্বাস্থ্যবান ও মোটাতাজা হলো, তখন ইয়াসার নামক নবী (সাঃ)-এর একজন খাদিম ও উটরক্ষককে একাকী পেয়ে অতি নির্দয়ভাবে হত্যা করলো। তার হাত-পা কর্তন করলো, চোখের মধ্যে বাবলা কাঁটা ফুঁড়লো, হাত-পা কাটা লাশটি একটি গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রাখলো এবং সমুদয় উট হাঁকিয়ে নিয়ে গেলো। এ খবর যখন মদীনায় পৌঁছলো, তখন নবী (সাঃ) কুরয ইব্‌ন খালিদ আল-ফিহ্‌রীকে বিশজন অশ্বারোহীসহ তাদের পশ্চাদ্ধাবনে প্রেরণ করলেন। দুর্বৃত্তরা পথিমধ্যেই গ্রেফতার হলো। গ্রেফতার হয়ে মদীনায় আসার পর তাদের হত্যা করার নির্দেশ জারি হলো। এইভাবে তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করলো।