hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৪

দুমাতুল জান্দাল বিজয়

হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) কা‘কা‘ ইব্‌ন আমর (রা)-কে হীরায় স্বীয় প্রতিনিধি নিয়োগ করে অগৌনে দূমাতুল জান্দাল রওয়ানা করলেন। হযরত খালিদ (রা)-এর আগমন সংবাদ শুনে আকীদর ইব্‌ন আব্‌দিল মালিক জূদী ইব্‌ন রবীআ ও অন্যান্য খ্রিস্টান সরদারকে বললেন, মুসলমানদের সাথে সন্ধি করা উচিত। কিন্তু তারা এই প্রস্তাব অপছন্দ করলো। আকীদর তাদের সঙ্গ ত্যাগ করে একা কেটে পড়লো। তার এইভাবে কেটে পড়ার খবর মুসলমানরাও জানতে পারলো। একটি ছোট্ট বাহিনী তাকে বন্দী করতে চাইলো। কিন্তু সে লড়াই করে প্রাণ হারালো।

দূমাতুল জান্দালের অদূরে পৌঁছে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) প্রথমে খোঁজ নিলেন যে, ইয়ায ইব্‌ন গানাম (রা) কোন্ দিকে যুদ্ধরত আছেন। তার বিপরীত দিক দিয়ে হযরত খালিদ (রা) হামলা শুরু করলেন। খ্রিস্টান বাহিনীর সিপাহসালার জূদী ইব্‌ন রবীআ তার বাহিনীকে তৎক্ষণাৎ দুই ভাগে বিভক্ত করে এক ভাগ ইয়ায ইব্‌ন গানাম (রা)-কে মুকাবিলার জন্য পাঠালো আর দ্বিতীয় ভাগ নিজে নিয়ে হযরত খালিদ (রা)-এর মুকাবিলায় অবতীর্ণ হলো। হযরত খালিদ (রা) ব্যুহ থেকে সামনে অগ্রসর হয়ে ময়দানে সেনাপতি জুদীকে উচ্চৈঃস্বরে ভীতি প্রদর্শন করলেন এবং নিজের সাথে লড়াই করতে আহ্বান জানালেন। জূদী ময়দানে উপস্থিত হয়ে খালিদ (রা)-এর মুকাবিলায় অবতীর্ণ হলো। হযরত খালিদ (রা) তৎক্ষণাৎ তাকে বন্দী করে ফেললেন। জুদীর সহচরগণ এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ পলায়ন করতে শুরু করলো। ঘটনাক্রমে সেই সময়ই ইয়ায ইব্‌ন গানাম (রা) তার প্রতিদ্বন্দ্বী খ্রিস্টানদের পরাস্ত করে তাড়িয়ে দিলেন। উভয় দিকের পলায়নকারীরা বিতাড়িত হয়ে দুর্গে প্রবেশ করলো এবং দরজা বন্ধ করে দিলো। হযরত খালিদ (রা) দুর্গ অবরোধ করে দুর্গবাসীদের সামনে জুদীকে হত্যা করলেন এবং দুর্গ আক্রমণ করে তলোয়ারের জোরে দুর্গ দখল করলেন। যে বাধা দিলো তাকে কতল করলেন। যে নিরাপত্তা চাইল, তাকে নিরাপত্তা দিলেন।