hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

আয়াস ইব্‌ন মুআয (রা)

ঐ দিনগুলোতে আনাস ইব্‌ন রাফি‘ তার স্বগোত্রে ইব্‌ন আবদুল আশহালের কতিপয় লেখকসহ মদীনা থেকে মক্কায় আসে। উদ্দেশ্য ইব্‌ন খাযরাজের বিরুদ্ধে মক্কাবাসীদের সহযোগিতা লাভের জন্যে চুক্তিবদ্ধ হওয়া। এ প্রতিনিধি দল আসার সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ (সাঃ) সর্বপ্রথম তাদের কাছে গেলেন। কুরায়শ নেতাদের সাথে তখনো তারা তাদের উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলে সারেননি। তিনি গিয়েই তাদেরকে বললেন : আমার কাছে এমন বস্তু আছে যাতে (তাদের কল্যাণ নিহিত রয়েছে) তোমরা রাযী থাকলে আমি তা তোমাদের কাছে তুলে ধরতে পারি। তারা বললো : বেশ তো, আপনি তা উপস্থাপন করুন। তিনি বললেন : মানবজাতির হিদায়াত ও পথ প্রদর্শনের জন্যে আল্লাহ তা‘আলা আমাকে নবীরূপে প্রেরণ করেছেন। আমি শির্‌ক করতে নিষেধ করি এবং কেবল এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়ে থাকি। আমার উপর আল্লাহ তা‘আলা কিতাব নাযিল করেছেন। তারপর তিনি একে একে ইসলামের মূলনীতি তাদের সম্মুখে তুলে ধরেন এবং কুরআন শরীফ পড়ে তাদেরকে শোনান। মদীনায় এ প্রতিনিধি দলে আনাস ইব্‌ন রাফির সাথে আয়াস ইব্‌ন মুআয নামক এক যুবকও ছিলেন। রাসূলুল্লাহ (সাঃ)-এর কথা এবং কুরআনের বাণী শুনে তিনি তার স্বগোত্রীয়দেরকে লক্ষ্য করে বললেন : “হে আমার স্বগোত্রীয় ভাইয়েরা! তোমরা মদীনা থেকে যে উদ্দেশ্যে এসেছ আল্লাহর কসম, তার চাইতে এটাই আমার কাছে শ্রেয় মনে হয়। প্রতিনিধি দলের নেতা আনাস ইব্‌ন রাফি‘ তাকে ধমক দিয়ে বলল : ওহে! এ কালাম শোনার জন্যে আমরা এত দূর থেকে এখানে আসিনি। আয়াস তখন চুপ হয়ে গেলেন। হযরত মুহাম্মদ (সাঃ)-ও চুপ করে সেখান থেকে উঠে চলে আসলেন। ফলশ্রুতিতে মদীনার এ প্রতিনিধি দল ব্যর্থ মনোরথ হয়ে মক্কা থেকে ফিরে আসে। কুরায়শ এবং তাদের মধ্যে আর কোন চুক্তিই হলো না। মদীনায় প্রত্যাবর্তনের অল্প কিছু দিন পরই হযরত আয়াস ইব্‌ন মুআয (রা)-এর ইন্তিকাল হয়ে যায়। মৃত্যুর পূর্বেই তিনি তার ঈমান আনয়ন ও ইসলাম গ্রহণের কথা ঘোষণা করে দেন।