hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৯

খালিদ (রা)-এর পয়গাম

হীরা থেকে হযরত খালিদ (রা) ইরানী রঈসদের নিকট পত্র লিখেন এবং ইরাকের যেসব আমীর জমিদার ও জায়গীরদারের মর্যাদা রাখতো এবং তখনো পর্যন্ত আনুগত্য স্বীকার করেনি, তাদের প্রতি একটি সাধারণ ফরমান জারি করেন। ইরানী রঈসদের নিকট তিনি যে পত্র প্রেরণ করেছিলেন, তাতে তিনি লিখেন :

অতঃপর সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তোমাদের জীবনব্যবস্থায় অসুবিধা সৃষ্টি করেছেন। তোমাদের ধূর্তামিকে পর্যুদস্ত করেছেন। তোমাদের ঐক্যজোটকে ভেঙ্গে দিয়েছেন। আমরা যদি তোমাদের দেশ আক্রমণ না করতাম তবে তোমাদের পক্ষে অমঙ্গল হতো। এখন উত্তম এই যে, তোমরা আমাদের আনুগত্য করবে। তাহলে আমরা তোমাদের এলাকা ছেড়ে দেবো এবং অন্যত্র চলে যাবো। আর তোমরা যদি আমাদের অনুগত না হও, তবে তোমরা এমন লোকদের পাল্লায় পড়বে যারা মৃত্যুকে ঠিক তেমনি ভালবাসে যেমনি তোমরা জীবনকে ভালবাস।