hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

সূর্যোদয়

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের বয়স চল্লিশ বছর পূর্ণ হলো। হিদায়াতের রবি এবার উদয়াচলে। আল্লাহর পক্ষ থেকে তাকে প্রদত্ত আধ্যাত্মিক শক্তি যখন চরমভাবে বিকশিত হলো, ইবাদত, সিয়াযত ও নির্জন সাধনায় পূর্ণতা লাভ করে যখন তিনি ওয়াহী বহনের পূর্ণ যোগ্যতা অর্জন করলেন তখন একদা হেরা গিরি গুহায় ফেরেশতার আবির্ভাব ঘটলো।

ফেরেশতা তাকে লক্ষ্য করে বললেন : اقْرَأْ -অর্থাৎ “আপনি পড়ুন!”

তিনি জবাব দিলেন : مَا اَنَا بِقَارِئٍ –“আমি তো পড়তে জানি না।”

তারপর তিনি তাঁকে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন এবং বললেন : اقْرَأْ

তিনি আবার জবাব দিলেন : مَا اَنَا بِقَارِئٍ

তিনি আবার তাঁকে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে পুনরায় বললেন : اقْرَأْ পুনরায় তিনি জবাব দিলেন : مَا اَنَا بِقَارِئٍ

এবার তৃতীয়বার ফেরেশতা তাঁকে আলিঙ্গন করে জোরে চাপ দিয়ে বললেন :

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ . خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ . اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ . الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ . عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ .

পড় সেই রব-এর নামে যিনি সৃষ্টি করেছেন। মানুষকে যিনি জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড় এবং তোমার রব-ই সবচাইতে সম্মানিত ও মহান। যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। (৯৬: ১-৫)

প্রিয়নবী (সাঃ) পাঠ করলেন। ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। তিনি সেখান থেকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ঘরে ফিরলেন এবং খাদীজা (রা)-কে লক্ষ্য করে বললেন : زملونى زملونى “আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও।” হযরত খাদীজা (রা) তাঁকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। তিনিও রীতিমত ঘাবড়ে গেলেন যে, ব্যাপার কী! কিছুক্ষণ পরে যখন তিনি কিছুটা শান্ত হলেন, তখন তিনি সমস্ত বিবরণ আনুপূর্বিক খাদীজাকে শোনালেন এবং বললেন : لقد خشيت على نفسى “আমার তো ভয় হচ্ছে আমি বুঝি আর বাঁচবো না।”