hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৪

হযরত উমর (রা)-এর অবস্থা

হযরত উমর ফারুক (রা)-এরও হুশ ও চেতনা অটুট ছিল না, তিনি তাঁর তলোয়ার কোষমুক্ত করে উঠে দাঁড়ালেন এবং উচ্চস্বরে বলতে লাগলেন–

ان رجالا من المنافقين زعموا ان رسول الله صلى الله عليه وسلم مات وانه ذهب الى ربه كما ذهب موسى وليرجعن بقطعن ايدي رجال وارجلهم .

কিছু সংখ্যক মুনাফিক মনে করছে রাসূলুল্লাহ (সাঃ) মৃত্যুবরণ করেছেন। অথচ তিনি মৃত্যুবরণ করেননি। তিনি তাঁর প্রভুর সান্নিধ্যে চলে গেছেন, যেমনিভাবে হযরত মূসা (আ) গিয়েছিলেন। তিনি অবশ্যই ফিরে আসবেন এবং লোকদের হাত-পা কর্তন করবেন।

হযরত উমর ফারুক (রা) উত্তেজনা ও ক্রোধবশে এই ধরনের কথা বলছিলেন। তাঁকে তাঁর তলোয়ার কোষবদ্ধ করতে বলবে এরূপ কারো সাহস ছিল না। হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর ইনতিকালের একটু পরই হযরত আবূ বকর সিদ্দীক (রা) এসে পৌঁছলেন এবং সোজা হুজরা মুবারকে গমন করলেন। হযরত আয়িশা (রা)-এর কোল থেকে তার মাথা তুলে গভীরভাবে দেখে বললেন, আমার মা-বাপ আপনার জন্য কুরবান হোক। নির্ঘাত আপনি আপনার সেই মৃত্যু-স্বাদ আস্বাদন করেছেন, যা আল্লাহ্ তা‘আলা আপনার জন্য নির্ধারণ করেছিলেন। এরপর আর কখনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। তারপর إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ পাঠ করে বাইরে চলে এলেন।