hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৪

মুসায়লামা কাযযাব

এ বছরই ইয়ামামা থেকে বনূ হানীফার প্রতিনিধি দল আগমন করলো। প্রতিনিধিদলে মুসায়লামা ইব্‌ন হাবীব কায্‌যাব, জুরজান ইব্‌ন আনহাম, তাল্‌ক ইব্‌ন আলী, সালমান ইব্‌ন হানযালা প্রমুখ অন্তর্ভুক্ত ছিল। এরা মদীনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলো। পনের দিন অবস্থান করে উবায়্য ইব্‌ন কা‘বের নিকট কুরআন মজীদ শিখতে থাকলো। এই প্রতিনিধি দলের অন্যান্য সবাই প্রায়ই হযরত নবী করীম (সাঃ)-এর নিকট হাযির হতো, কিন্তু মুসায়লামা অনুমতি নিয়ে অবস্থানস্থলে আসবাবপত্র হিফাযত করার জন্য থাকতো। এই বছরই বনূ কিন্দা’র দশ বা ততোধিক সদস্যের প্রতিনিধিদল আগমন করলো। এই সময়ই কিনানার প্রতিনিধিদলের সাথে হাদরামাওতের প্রতিনিধিদলও আগমন করলো। এরা সবাই আনন্দচিত্তে ইসলাম গ্রহণ করলো। এই সময়ই ওয়ালিদ ইব্‌ন হুজর হযরত নবী করীম (সাঃ)-এর দরবারে হাযির হয়ে মুসলমান হলো। হযরত নবী করীম (সাঃ) তার ইসলাম গ্রহণের দরুন খুব আনন্দ প্রকাশ করলেন এবং মুআবিয়া ইব্‌ন আবূ সুফিয়ানকে নির্দেশ দিলেন ওয়ায়িল ইব্‌ন হুজরকে নিয়ে গিয়ে অবস্থান করাতে। ওয়ায়িল ইব্‌ন হুজর ছিলেন আরোহী এবং হযরত মুআবিয়া (রা) ছিলেন পদাতিক। হযরত মুআবিয়া (রা) পথিমধ্যে বললেন, আপনি আপনার পাদুকা দু’টি আমাকে দিয়ে দিন। আমার পা দু’টি মাটির গরমে জ্বলে যাচ্ছে। ওয়ায়িল বললেন, আমি আমার পাদুকা দেবো না। কেননা, আমি তা পরিধান করেছি। হযরত মুআবিয়া (রা) বললেন, তবে আপনি আপনার সওয়ারীর পিছনে আমাকে বসিয়ে নিন। ওয়ায়িল জবাব দিলেন, তুমি বাদশাহর সাথে সওয়ারীর উপর বসতে পারবে না। হযরত মুআবিয়া (রা) বললেন, আমার পা দু’টি তো জ্বলে যাচ্ছে। ওয়ায়িল বললেন, আমার উটনীর ছায়ায় চলাই তোমার জন্য যথেষ্ট। এই ওয়ায়িলই মুআবিয়া (রা)-এর খিলাফত কালে তাঁর নিকট প্রতিনিধি হয়ে গেলে তিনি তাকে খুব সম্মান করেছিলেন। এই বছরই মাহারিবের তিন সদস্যের এবং নাদ্‌হাজের পনের সদস্যের প্রতিনিধিদল আগমন করলো। তারা কুরআন পাঠ শিখলো এবং ইসলামের বিধি-বিধান শিক্ষা করে নিজ সম্প্রদায়ের মধ্যে ফিরে গেলো।