hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৯

বিরতিকালীন পুনরায় আপোস-মীমাংসার চেষ্টা

যুদ্ধ বন্ধ হওয়ার পর হিজরী ৩৭ সনের কোন এক সময়ে হযরত আলী (রা) আমীরে মুআবিয়ার সাথে একটা আপোস-মীমাংসায় উপনীত হওয়ার জন্য পুনরায় তাঁর কাছে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। তাতে আদী ইব্‌ন হাতিম, যায়দ ইব্‌ন কায়স, যিয়াদ ইব্‌ন হাসফাহ্ ও শীছ ইব্‌ন রিবঈ অন্তর্ভুক্ত ছিলেন। শীছ ইব্‌ন রিবঈ প্রথম প্রতিনিধি দলেও অন্তর্ভুক্ত ছিলেন এবং সেবার তার সাথে আমীরে মুআবিয়ার শক্ত কথা কাটাকাটিও হয়েছিল। অতএব পুনরায় শীছকে প্রতিনিধিদলের অন্তর্ভুক্ত করা ঝুঁকিমুক্ত ছিল না। প্রতিনিধি দলটি আমীরে মুআবিয়ার সাথে সাক্ষাৎ করে নিজেদের কর্তব্য পালন করে। প্রথমে আদী ইব্‌ন হাতিম (রা) আল্লাহর প্রশংসা ও রাসূলের গুণগান করার পর বলেন, হে মুআবিয়া! তুমি আলী (রা)-এর আনুগত্য স্বীকার কর। তুমি বায়‘আত করলে মুসলমানরা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে যাবে। তুমি ও তোমার বন্ধুরা ছাড়া কেউই বায়‘আত থেকে বিরত থাকে নি। যদি তুমি এই বিরোধিতা অব্যাহত রাখ তাহলে পুনরায় জামাল যুদ্ধের মতো দুঃখজনক ঘটনাও ঘটে যেতে পারে। মুআবিয়া (রা) তাঁর কথায় ছেদ টেনে বলেন, হে আদী! তুমি আপোস-মীমাংসার জন্য এসেছ, না যুদ্ধ লড়াবার জন্য। তুমি জামাল যুদ্ধের কথা বলে আমাকে কি ভয় দেখাচ্ছ? তুমি তো জানই, আমি হচ্ছি আরবের শ্রেষ্ঠ বীর যোদ্ধাদের বংশধর। আমি যুদ্ধকে ভয় করি না। আমি জানি, তুমিও উসমান হত্যাকারীদের অন্যতম। আল্লাহ্ তোমাকেও ধ্বংস করুন। অতঃপর ইয়াযীদ ইব্‌ন কায়স বলেন, আমরা প্রতিনিধি হয়ে তোমার কাছে এসেছি। তোমাকে উপদেশ দেওয়া আমাদের কাজ নয়। কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত যাতে মুসলমানদের মধ্যে ঐক্যের সৃষ্টি হয়। এই বলে তিনি আলী (রা)-এর গুণাবলী এবং তাঁর খলীফা হওয়ার যোগ্যতা ও বৈশিষ্ট্যাবলী বর্ণনা করেন। এর উত্তরে মুআবিয়া (রা) বলেন, তুমি আমাকে মুসলিম জামাআতের প্রতি কেন আহ্বান জানাচ্ছ? মুসলিম জামাআত তো আমাদের সাথেও আছে। তাছাড়া আমি তোমাদের বন্ধুকে খলীফা পদের যোগ্য মনে করি না। কেননা তিনি আমাদের খলীফাকে হত্যা করেছেন এবং তার হত্যাকারীদের আশ্রয় দিয়েছেন। আপোস-মীমাংসা তখনই হতে পারে যখন তিনি উসমান (রা)-এর হত্যাকারীদের আমাদের হাতে সমর্পণ করবেন। মুআবিয়া (রা) এই পর্যন্ত বলার পর শীছ তার কথার মাঝখানে বলে উঠেন, হে মুআবিয়া! তুমি কি আম্মার ইব্‌ন ইয়াসির (রা)-কে হত্যা করবে? মুআবিয়া উত্তর দেন, এমন কি জিনিস আছে, যা আম্মারের হত্যা থেকে আমাকে বাধা দিতে পারে? আমি হযরত উসমানের গোলামের বিনিময়েও তাকে হত্যা করতে পারি। শীছ ইব্‌ন রিবঈ বলেন, তুমি কখনো তাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না ভূপৃষ্ঠ তোমার জন্য সংকীর্ণ হয়ে যায়। মুআবিয়া উত্তরে বলেন, এর আগেই ভূপৃষ্ঠ তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এ ধরনের কথা কাটাকাটির পর এই প্রতিনিধিদলও ব্যর্থ হয়ে ফিরে আসে।