hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯২

ফুহলের যুদ্ধ

হযরত আবূ উবায়দা ইব্‌ন জাররাহ (রা) হযরত ইয়াযীদ ইব্‌ন আবূ সুফিয়ান (রা)-কে প্রয়োজনীয় সৈন্যসহ দামিশ্‌কে রেখে ফুহল অভিমুখে রওয়ানা হন, হিরাক্লিয়াসের বিখ্যাত সেনানায়ক সাক্‌লার ইব্‌ন মিখরাক কয়েক লক্ষ সৈন্যের একটি বাহিনীসহ এখানে অবস্থান করছিলেন। দামিশ্‌ক থেকে রওয়ানা হওয়ার সময় হযরত আবূ উবায়দা (রা) হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর ‘মুকাদ্দামাতুল জায়শের’ (সম্মুখ বাহিনী) শুরাহবীল হাসানাকে মধ্যভাগের, হযরত আমর ইব্‌ন ‘আস (রা)-কে ডান পাশের বাহিনী, হযরত আয়ায ইব্‌ন গানামকে পদাতিক বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন এবং নিজে বাম পাশের বাহিনীর দায়িত্বে থাকেন। ফুহলের সন্নিকটে পৌঁছার পর ইসলামী বাহিনীসমূহ নিজ নিজ সেনাপতিদের অধীনে সুবিধাজনক স্থানে তাঁবু ফেলেন। মধ্যরাতে রোমানরা মুসলমানদের মধ্যবর্তী বাহিনীর উপর হামলা চালায়। শুরাহবীল ইব্‌ন হাসানা তাদের মুকাবিলা করতে থাকেন। রণধ্বনি শুনে সকল মুসলিম সেনাপতিও নিজ নিজ বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। ফলে অত্যন্ত জোরে-শোরে যুদ্ধ আরম্ভ হয় এবং বেশ কয়েকদিন পর্যন্ত রাত-দিন সে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত থাকে। শেষ পর্যন্ত আশি হাজার রোমান সৈন্যসহ তাদের প্রধান সেনাপতি সাকলার মুসলমানদের হাতে নিহত হন। অবশিষ্টরা কোন মতে পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে। মুসলমানগণ বিপুল পরিমাণ মালে গনীমতের অধিকারী হয়। ফুহল জয়ের পর মুসলিম বাহিনী বীসান অভিমুখে রওয়ানা হয়।