hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

আকাবার প্রথম বায়‘আত

মক্কার নবুওয়াতের একাদশ বর্ষ অতিবাহিত হলো। দ্বাদশতম বর্ষটিও দেখতে দেখতে এমনিভাবে কেটে গেলো। কুরায়শদের বিরোধিতা ক্রমেই বৃদ্ধি পেতে লাগলো। আশা-নিরাশার দ্বন্দ্বের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (সাঃ)-এর বছরটি কেটে গেলো। কেননা, মদীনায় ঐ ছ’জন ভক্ত মুসলমানের কথা বার বার তাঁর মানসপটে উঁকি দিচ্ছিল যারা তাঁর কাছে স্বদেশে ইসলামের তাবলীগের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। সুদূর মদীনায় দীর্ঘ এক বছর কালের মধ্যে সে প্রচার কাজের কি প্রতিক্রিয়া হলো তা তিনি জানতেই পারলেন না। অবশেষে দ্বাদশতম নববী বর্ষের শেষ মাসে অর্থাৎ যিলহাজ্জ মাসে তিনি মিনার নিকটবর্তী উক্ত আকাবা নামক স্থানে গিয়ে ইয়াছরিব কাফেলার খোঁজ করতে লাগলেন। ঘটনাক্রমে একদিন সত্যি সত্যি তিনি তার সেই ভক্তদের দেখা পেলেন যারা গত বছর তার হাতে বায়‘আত হয়ে গিয়েছিলেন। তারাও হযরত মুহাম্মদ (সাঃ)-কে দেখতে পেলেন এবং সাগ্রহে তাঁর দিকে অগ্রসর হলেন। এবার তারা সংখ্যায় ছিলেন বারজন। গতবছরের সেই ছয়জনের অতিরিক্তরা এবার নতুন এসেছেন। এরা আওস ও খাযরাজ উভয় গোত্রের লোক। ঐ বারজনের নাম হলো :

১. আবূ উমামা

২. আওস ইব্‌ন হারিছ ইব্‌ন রিফাআ

৩. রাফি ইব্‌ন মালিক ইবনুল আজলান

৪. কুতবা ইব্‌ন আমির ইব্‌ন হাদবা

৫. উকবা ইব্‌ন আমির

৬. মুআয ইবনুল হারিছ

৭. যাক্‌ওয়ান ইব্‌ন কায়স ইব্‌ন খালিদ

৮. খালিদ ইব্‌ন মুখাল্লাদ ইব্‌ন আমির ইব্‌ন যুরায়ক

৯. ইবাদা ইব্‌ন সামিত ইব্‌ন কায়স

১০. আব্বাস ইব্‌ন উবাদা ইব্‌ন ফাযালা (উক্ত দশজন ছিলেন খাযরাজ গোত্রের)

১১. আবুল হায়ছাম ইবনুত তায়্যিহান (ইনি ছিলেন বনূ আবদে আশহাল গোত্রের)

১২. উয়িম ইব্‌ন সায়িদা (শেষোক্ত দু’জন আওস গোত্রভুক্ত ছিলেন)

উক্ত বারোজন হযরত মুহাম্মদ (সাঃ)-এর হাতে বায়‘আত হন। এটা যেন ছিলো আকাবার প্রথম বায়‘আতের ছয়জনের দাওয়াতের ফসল। স্বদেশে প্রত্যাবর্তনকালে এরা তাদের সাথে একজন কারী বা মুবাল্লিগ দেওয়ার জন্য রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে আবেদন জানালেন। তিনি হযরত মুসআব ইব্‌ন উমায়র (রা)-কে তাঁদের সঙ্গে পাঠিয়ে দিলেন। তিনি মদীনায় গিয়ে আস‘আদ ইব্‌ন যুরারার ঘরে অবস্থান করেন এবং ঐ বাড়ীটিতেই ইসলাম প্রচারের কেন্দ্ররূপে গড়ে তোলেন।

আকাবার প্রথম বায়‘আতের সময় মুহাম্মদ (সাঃ) যে অঙ্গীকার নিয়েছিলেন, তা নিম্নরূপ :

১. আমরা এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবো এবং কাউকে তার সাথে শরীক করবো না।

২. আমরা চুরি-ব্যভিচারের কাছেও যাবো না।

৩. নিজেদের কন্যা সন্তানদের হত্যা করবো না।

৪. কারো উপর মিথ্যা অপবাদ দেবো না।

৫. চোগলখুরি করবো না।

৬. সৎ কাজে নবী করীম (সাঃ)-এর আনুগত্য করবো।