hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

হিজরী তৃতীয় বর্ষ

আবদুল্লাহ ইব্‌ন উবায়্য ইব্‌ন সলুলের কথা পূর্বেই বর্ণিত হয়েছে যে, মদীনাবাসীরা তাকে তাদের বাদশাহ বানাতে উদ্যত ছিলো। হযরত নবী করীম (সাঃ)-এর মদীনা আগমনে তার সে বাদশাহীর স্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। তাই মুসলমানদের প্রতি সে অন্তরে গভীর বিদ্বেষ পোষণ করতো। কিন্তু যেহেতু সে ছিল ধুরন্ধর ব্যক্তি, তাই সে তা তার অন্তরে গোপন রাখে। তারপর তলে তলে মক্কাবাসীদের সাথে ষড়যন্ত্র করে মদীনাবাসীদেরকে প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে উসকিয়ে দিতে প্রয়াস পায়। কিন্তু তাও পণ্ড হয়ে যায়। মুসলমানদের বদর যুদ্ধ বিজয় প্রত্যক্ষ করে সে ভীত হয় এবং বাহ্যত ইসলাম গ্রহণ করে। কিন্তু অন্তরে যেহেতু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতো, তাই এ বাহ্যিক ইসলাম গ্রহণে তার কোনই উপকার হয়নি বরং তার অন্তরে লালিত এ বিদ্বেষ মুসলমানদের জন্যে পূর্বের চাইতে বেশী মারাত্মক প্রতিপন্ন হয়। তার নেতৃত্বাধীন ইয়াহূদীটি বলে উঠলো : অধঃপাতে যাও! মক্কাবাসীরা হচ্ছে আরবদের বাদশাহ এবং অভিজাত শ্রেণী। হযরত মুহাম্মদ (সাঃ) যদি তাদেরকেই পদানত করে ফেলে, তবে এ পৃথিবীতে বেঁচে থাকাটাই অর্থহীন।

এ সংবাদটির যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কা‘ব ইব্‌ন আশরাফ মদীনা ছেড়ে মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে বদর যুদ্ধে নিহতদের শোকগাথা লিখতে এবং লোকদেরকে শোনাতে লাগলো। বেশ কয়েকদিন পর্যন্ত সে তাদেরকে এসব শোকগাথা শোনাতে শোনাতে তাদের প্রতিশোধ কামনাকে তীব্রতর করার কাজে ব্যস্ত রইলো। তারপর মদীনায় প্রত্যাবর্তন করে মুসলমানদের নিন্দাসূচক কবিতা লিখে বিষোদগার করতে লাগলো। ইয়াহূদীদের গোটা সম্প্রদায়ই ছিলো সুদখোর এবং বড় বড় মহাজন। আওস ও খাযরাজ গোত্রের লোকেরা তথা মদীনায় গোটা আনসার সম্প্রদায় ছিলো তাদের খাতক এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটা তাদের উপর নির্ভরশীল। নিজেদের আর্থিক সমৃদ্ধি এবং ধুরন্ধর বুদ্ধির জন্যে তাদের গর্বের অন্ত ছিলো না। তারা নিজেদেরকে অত্যন্ত অভিজাত শ্রেণী এবং আশেপাশের প্রতিবেশী গোত্রসমূহের অশিক্ষিত ও গবেট মনে করে তাদেরকে পাত্তাই দিতো না। বদর যুদ্ধের পর তারা মক্কার কুরায়শদের পূর্ণ সমর্থক ও সহযোগী শক্তিরূপে সক্রিয় হয়ে উঠলো। আবদুল্লাহ ইব্‌ন উবায়্য ও ইয়াহূদীদের মধ্যে সখ্যতা প্রতিষ্ঠিত হলো এবং মুসলমানদের বিরুদ্ধে যেসব মুশরিক এ পর্যন্ত শির্‌ক, মূর্তিপূজা এবং মুসলমানদের প্রতি শত্রুতায় অবিচল ছিল, তাদেরকেও সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের পরামর্শ দেয় এবং এ শ্রেণীর লোকদের নেতৃত্বে সে আসীন থাকে। এরাই মুনাফিক বলে কুখ্যাতি অর্জন করে। এই মুনাফিকদের সাথে কিছু ইয়াহূদীও এসে যোগ দেয় এবং বাহ্যত তারাও ইসলাম গ্রহণ করে ফায়দা লুটতে থাকে।