hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮২

হযরত আলী (রা)-এর প্রতিক্রিয়া

হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর ওফাতের খবর যখন মদীনায় ছড়িয়ে পড়লো, তখন গোটা শহরে ক্রন্দন ও বিলাপের উচ্চরোল পড়ে গেলো এবং নবী করীম (সাঃ)-এর ওফাত দিবসের চিত্র পুনরায় মানুষের চোখে ভেসে উঠলো। হযরত আলী (রা) এই খবর শুনে কেঁদে ফেললেন এবং কাঁদতে কাঁদতে তার [আবু বকর (রা)] গৃহে উপস্থিত হলেন। তারপর তার দরজায় দাঁড়িয়ে বললেন :

“হে আবূ বকর! আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম! আপনি তামাম উম্মতের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেছেন এবং ঈমানকে আপনার চরিত্র বানিয়েছেন। আপনি সর্বাধিক (ঐশ্বর্যশালী) ও সবচেয়ে নবীর নিরাপত্তা বিধানকারী। আপনি সবচেয়ে ইসলামের পৃষ্ঠপোষক ও মঙ্গলকামী ছিলেন। আপনি স্বভাব-চরিত্র, দান-জ্ঞান ও হিদায়াতের ক্ষেত্রে ছিলেন নবী করীম (সাঃ)-এর নিকটতর। আল্লাহ্ তা‘আলা আপনাকে ইসলাম ও মুসলমানের পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন। অন্যরা যখন নবী (সাঃ)-কে মিথ্যাবাদী বলেছে, আপনি তাকে তখন সত্যবাদী বলেছেন। অন্যরা যখন আল্লাহর রাসূলকে অবজ্ঞা করেছে, আপনি তখন তাঁকে সহানুভূতি দেখিয়েছেন। মানুষ যখন সাহায্য-সহযোগিতা থেকে বিরত ছিল, আপনি তখন উঠে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের সাহায্য করেছেন। আল্লাহ্ আপনাকে তার কিতাবে ‘সিদ্দীক’ বলে আখ্যায়িত করেছেন–

وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ

‘যে সত্য এনেছে এবং সত্যকে সত্য বলে মেনেছে’ (সূরা যুমার : ৩৩)। আপনি ছিলেন ইসলামের আশ্রয়স্থল ও কাফিরদের বিতাড়নকারী। না আপনার কোন যুক্তি ভিত্তিহীন হয়েছে, না আপনার দৃষ্টি শক্তিহীন হয়েছে। আপনার আত্মা কখনো ভীরুতা দেখায়নি। আপনি পাহাড়ের মতো দৃঢ় ছিলেন। ঝঞ্ঝাবায়ু না আপনাকে উপড়াতে পেরেছে, না টলাতে পেরেছে। আপনার সম্পর্কে নবী করীম (সাঃ) বলেছেন : তুমি দুর্বলদেহী, মযবুত ঈমানদার, কোমলহৃদয়, আল্লাহর নিকট উচ্চ মর্যাদাশীল, যমীনে সম্মানিত, মু’মিনকুল শ্রেষ্ঠ। না তোমার সামনে কারো লালসা হতে পারে, না কামনা। দুর্বল আপনার কাছে সবল এবং সবল ছিল দুর্বল। যে পর্যন্ত না আপনি দুর্বলের হক বুঝিয়ে দিয়েছেন এবং সবলের নিকট থেকে হক বুঝে নিয়েছেন।

হযরত উমর ফারূক (রা) হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর মৃত্যু-সংবাদ শুনে বললেন : হে খলীফাতুর রাসূল! তুমি তোমার পরে জাতিকে বড় কষ্ট দিলে! তাদেরকে বিপদে ফেলে গেলে। তোমার ধূলিকণা পর্যন্ত পৌঁছাও খুব কষ্টকর। আমি তোমার সমান কিভাবে করতে পারি!