hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

হযরত আবূ যর গিফারী (রা)

হযরত আবূ যর (রা) ছিলেন গিফার গোত্রের লোক। তিনি মদীনার (ইয়াছরিবের) উপকণ্ঠে বসবাস করতেন। মদীনায় হযরত মুহাম্মদ (সাঃ)-এর খবর সুয়িদ ইব্‌ন সামিত ও আয়াস ইব্‌ন মুআযের মাধ্যমে পৌঁছে এবং এরকম একটা উড়ো খবর হযরত আবূ যরের কান পর্যন্ত পৌঁছে। সাথে সাথে তিনি বিষয়টি তদন্ত করে দেখার জন্যে তার কবি ভাই আনিসকে মক্কায় পাঠালেন। আনিস মক্কায় গিয়ে হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাথে সাক্ষাৎ করেন। মদীনায় ফিরে তিনি ভাইয়ের কাছে বর্ণনা করেন যে, হযরত মুহাম্মদ (সাঃ) এমন এক ব্যক্তি যিনি সৎকাজের আদেশ দেন এবং অসৎকাজের বারণ করেন। এ সংক্ষিপ্ত বর্ণনায় আবূ যরের মন ভরলো না। তিনি নিজে পায়ে হেঁটে মদীনা থেকে মক্কায় গেলেন। শেষ পর্যন্ত হযরত মুহাম্মাদ (সাঃ)-এর খিদমতে উপস্থিত হওয়া মাত্র ইসলাম গ্রহণ করেন। তিনি তৎক্ষণাৎ খানায় কা‘বায় উপস্থিত হয়ে কুরায়শের সম্মুখে প্রকাশ্যে উচ্চৈঃস্বরে কালেমা পাঠ করেন এবং ততক্ষণে যতটুকু কুরআন তিলাওয়াত রপ্ত করেছিলেন তা তিলাওয়াত করে সবাইকে শোনালেন। কুরায়শরা মার মার রবে তার উপর ঝাঁপিয়ে পড়লো। কুরায়শদের বেদম প্রহারে তিনি চৈতন্য হারালেন। হযরত আব্বাস তখনো কুরায়শদের দলে ছিলেন। তিনি তখনো মুসলমান হননি। তিনি এসে সেখানে উপস্থিত হলেন। কাণ্ড দেখে তিনি চিৎকার করে বললেন : সর্বনাশ, এ কী কাণ্ড! এ যে গিফারী গোত্রের লোক, যেখান থেকে তোমরা খেজুর ক্রয় করে এনে থাক! একথা শোনা মাত্র লোকজন কেটে পড়লো। চৈতন্য ফিরতেই তিনি হযরত মুহাম্মদ (সাঃ)-এর কাছে ছুটে এলেন। পরদিন আবার তিনি পূর্বদিনের মতো প্রকাশ্যে এবং উচ্চৈঃস্বরে কালেমা পাঠ করলেন। আবার কুরায়শরা তাকে প্রহার করলো। এভাবে মক্কায় ইসলামের ঘোষণা দিয়ে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন।