hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

ইতিহাসের সূচনা

রোমীয় এবং গ্রীকদের আমল বিশেষত আলোকজান্ডারের বিজয়সমূহের দ্বারা ইতিহাসের সেই অংশের সূচনা হয়েছে—যা পৃথিবীর অধিকাংশ দেশের ইতিহাস এমনিভাবে আমাদের সম্মুখে তুলে ধরছে যে, ইতিহাসের ধারাবাহিকতা তারপর খুব কমই বিঘ্নিত হয়েছে। সাধারণত সেই থেকেই ঐতিহাসিক যুগের সূচনা বলে গণ্য হয়ে থাকে। গ্রীস, মিসর ও ইরানের ইতিহাস অধ্যয়ন করতে গিয়ে আগ্রহী ইতিহাস পাঠকরা যেমন আনন্দিত ও উৎসাহিত হন, তেমনি ভারতের ইতিহাস পাঠকালে তারা এই লক্ষ্য করে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হন যে, এই ঐতিহাসিক যুগেও ভারতবর্ষকে ঘন তমসাচ্ছন্ন মনে হয়। এখানকার লোকদের এই উদাসীনতার জন্যে পৃথিবীর ইতিহাস লেখকগণ কঠিন সমস্যায় নিপতিত হন যখন তারা লক্ষ্য করেন যে, এখানকার লোকেরা যতসব রূপকথা ও কল্পকাহিনীকে ইতিহাসের রূপ দিয়ে বসে আছে। এরা কোন দিন যথার্থ ইতিহাস সরল ভাবে উপস্থাপিত করতে পারে নি। এই শস্য-শ্যামল ও জনাকীর্ণ দেশ ভারতবর্ষের ঠিক বিপরীত আরবের মরু রাজ্য তাদের বর্ণনার বিশুদ্ধতা, স্মরণশক্তির প্রখরতা, বংশপঞ্জি সংরক্ষণে নিষ্ঠা এবং ঐতিহাসিক ঘটনাবলী আনুপূর্বিক যথার্থভাবে উপস্থাপনের অপূর্ব ক্ষমতার পরিচয় দিয়েছে—যদ্দরুন সেই অসাধারণ জাতিগুলোও ইতিহাসের একটি মূল্যবান উপাদান বলে বিবেচিত হয়ে থাকে।