hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৩

হযরত আলী (রা)-এর বসরা যাত্রা

হযরত আলী (রা) যখন জানতে পারলেন মক্কাবাসীরা তার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে তখন তিনি তার সিরিয়া যাত্রার পরিকল্পনা মুলতবি রাখেন। এরপর তাঁর কাছে সংবাদ পৌঁছে যে, হযরত আয়িশা, যুবায়র ও তালহা (রা) সৈন্যবাহিনী নিয়ে মক্কা থেকে বসরার দিকে রওয়ানা হয়ে গেছেন। এতে তিনি মর্মাহত হন। তিনি সমগ্র মদীনাবাসীর সাহায্য কামনা করেন। জুমুআর ভাষণে তিনি জনসাধারণকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। মদীনাবাসীদের কাছে এটা খুবই অসহনীয় ঠেকছিল যে, তাদেরকে এবার আয়িশা, তালহা ও যুবায়র (রা)-এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু হযরত আবুল হায়সাম বদরী, যিয়াদ ইব্‌ন হানযালা, খুযায়মা ইব্‌ন ছাবিত (রা) প্রমুখ সাহাবী এ ব্যাপারে তাদের সম্মতি প্রকাশ করলে অন্যান্য লোকও তাতে সম্মত হয়ে যায়। শেষ পর্যন্ত হিজরী ৩৬ সনের রবীউল আউয়াল মাসের শেষ দিকে হযরত আলী (রা) মদীনা থেকে বসরা অভিমুখে রওয়ানা হন। মদীনায় অবস্থানরত কূফা ও মিসরের লোকেরাও তার সফরসঙ্গী হয়।