hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

প্রথম অধ্যায় আরব দেশ আরব দেশ

আরবের একটা মোটামুটি আলোচনা সর্বপ্রথমে এ জন্যই আবশ্যক যে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এই আরবেরই প্রসিদ্ধ মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং অপর বিখ্যাত নগরী মদীনাতে হিজরত করেন এবং তা-ই হয় শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের আদি রাজধানী। আরবই সেই দেশ যার প্রায় সকল অধিবাসীই প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবদ্দশায়ই ইসলাম গ্রহণ করেন। এই সে আরব-যেখানে সর্বপ্রথম ইসলামের বিজয় কেতন উড়েছিল। এই আরবের ভাষাতেই পূর্ণাঙ্গ ওয়াহী এবং সর্বশেষ আসমানী কিতাব অবতীর্ণ হয়—যা দেশ, জাতি ও ভাষা নির্বিশেষে সকলের কিয়ামত পর্যন্ত কালের জন্য পূর্ণাঙ্গ দিক-দিশারী। এই আরবের মাটি থেকে পৃথিবীর দশ দিগন্ত ইসলামের আলো বিচ্ছুরিত হয়েছে। এ দেশেই রয়েছে পবিত্র কা‘বা ঘর—পৃথিবীর প্রতিটি দেশ থেকে প্রতিবছর মুসলমানরা যেখানে ছুটে আসে দলে দলে, আরাফাতের ময়দানে সকলে মিলে আল্লাহ্ তা‘আলার স্তুতি ও মুনাজাতে নিমগ্ন হয়। সেখানে রাজা-প্রজা ও আমীর-ফকীর সকলেরই একই বেশ, একই অবস্থা। আসমান যমীনের স্রষ্টার মহিমা ও আধিপত্যই সকলের মনমগজকে আচ্ছন্ন করে রাখে। এই সে আরব যা গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করে এবং গোটা বিশ্বের জন্যে দিক-দিশারী ও হিদায়াতের দীপ্ত শিখা প্রতিপন্ন হয়।