hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২৩

বসরা ও কুফা

হিজরী ১৪ সন থেকে হযরত ফারূকে আযমের কাছে প্রেরিত ইসলামী বাহিনীর সেনাপতিগণের রিপোর্ট এবং ইরাকের দিক থেকে আগত সৈন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে এ বিষয়টি মোটামুটিভাবে জানা হয়ে গিয়েছিল যে, ইরাকের আবহাওয়া আরবগণের স্বাস্থ্যের অনুকূল নয়। এ প্রেক্ষিতে হযরত ফারূকে আযম (রা) নির্দেশ জারি করেন, যেন আরববাসিগণের জন্য এমন জায়গায় সেনাছাউনি নির্মাণ করা হয়, যেখানকার আবহাওয়া আরব এলাকার আবহাওয়ার অনুরূপ এবং আরবগণের স্বাস্থ্যের অনুকূল, যাতে করে মুজাহিদগণ যুদ্ধের ফাঁকে ফাঁকে যখন কিছুটা অবসর পান, তখনি ঐ সমস্ত সেনাছাউনিতে গিয়ে বিশ্রাম গ্রহণ করতে পারেন। ঐ সময়ে দজলার সন্নিকটে বসরা শহর প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে একটি সেনাছাউনি নির্মাণ করা হয়। ঐ ছাউনিতে খড় বিচালির চালার নীচেই সৈন্যগণ বসবাস করতেন এবং যখন তারা কোন অভিযানে বের হতেন, তখন আগুন লাগিয়ে ঐ চালাগুলো পুড়িয়ে ফেলতেন। অভিযান শেষে যখন আবার সেখানে ফিরে আসতেন, তখন প্রয়োজন অনুযায়ী নতুন ভাবে চালা তৈরী করে নিতেন। হিজরী ১৭ সনে হযরত ফারূকে আযম (রা) বসরায় গৃহাদি নির্মাণ করেন এবং কূফায়ও একটি সেনাছাউনি স্থানের আবহাওয়া আরবগণের স্বাস্থ্যের খুবই অনুকূল প্রমাণিত হওয়ায় অল্প কিছু দিনের মধ্যেই কূফা ও বসরা ইসলামী সভ্যতা ও সংস্কৃতির দু’টি কেন্দ্রে পরিণত হয়।