hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫৬

হিজরী ৩১ সনের ঘটনাবলী

দরবারে খিলাফত থেকে যেসব নির্দেশ জারি করা হয়, সে অনুযায়ী হারাম ইব্‌ন হাইয়ান লশকরী, হারাম ইব্‌ন হাইয়ান আবাসী ও হারছ ইব্‌ন রাশেদ পারস্যের বিভিন্ন জেলায়, আহনাফ ইব্‌ন কায়স খুরাসানে, হাবীব ইব্‌ন কুরজহ মার্ভে, খালিদ ইব্‌ন আবদুল্লাহ্ বলখে এবং কায়স ইব্‌ন বীরাহ তূসে কর্মকর্তা নিযুক্ত হন। খুরাসানের বেশ কয়েকটি শহরে বিদ্রোহ দেখা দেয়। আবদুল্লাহ ইব্‌ন আমেরের নেতৃত্বে একটি ইসলামী বাহিনী সবগুলো বিদ্রোহই দমন করেন। তারপর নিশাপুরে অভিযান করে সেখানকার বিদ্রোহীদেরকেও শায়েস্তা করা হয়। এরপর আবদুল্লাহ ইব্‌ন আমের সারাখসের দিকে একটি বাহিনী প্রেরণ করেন এবং নিজে একটি সেনাদলসহ হিরাত গিয়ে উপনীত হন। তিনি হিরাত জয় করে বলখ ও তাবারিস্তানের বিদ্রোহ দমন করেন। তারপর কিরমান, সিজিস্তান এবং পারস্যের বিভিন্ন প্রদেশে গিয়ে সেখানকার বিদ্রোহ দমন করেন। এভাবে ইরান ও ইরাকের সমগ্র শহর ও জনপদে আবদুল্লাহ্ ইব্‌ন আমেরের মাধ্যমে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়।