hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৩

বীসান বিজয়

মুসলিম বাহিনী বীসানের নিকটবর্তী হয়ে জানতে পারল যে, সেখানেও কাফিরদের সাথে তীব্র মুকাবিলা হবে। ইসলামী বাহিনী অনতিবিলম্বে শহর ও দুর্গ ঘিরে ফেলে। এমতাবস্থায় সংবাদ পাওয়া গেল যে, জনৈক রোমান সেনাপতি দামিশককে মুসলমানগণের কবজা থেকে মুক্ত করার জন্য একটি তুখোর বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। এ সংবাদ শোনামাত্র হযরত আবূ উবায়দা (রা) এক অশ্বারোহী বাহিনী দিয়ে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-কে দামিশকের দিকে প্রেরণ করেন। রোমান সেনাপতি যখন দামিশকের নিকটবর্তী হন, তখন সেখানকার কর্মকর্তা হযরত ইয়াযীদ ইব্‌ন আবূ সুফিয়ান (রা) তাদের মুকাবিলা করার জন্য বহির্গত হন। ঘোরতর যুদ্ধ আরম্ভ হয় এবং ঠিক সে মুহূর্তে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) পিছন দিক থেকে রোমান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। ফলে রোমান বাহিনীর একটি লোকও পলায়ন করার সুযোগ পায় নি। সবাইকে মুসলমানগণের হাতে অঘোরে প্রাণ দিতে হয়। এ অভিযান সমাপ্ত হওয়ার সাথে সাথে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) হযরত আবূ উবায়দা (রা)-এর কাছে ফিরে যান। বীসানবাসীরা প্রথম প্রথম মুসলমানদের মুকাবিলা করতে এবং তাদের উপর আক্রমণ পরিচালনা করতে চেষ্টার কোন ত্রুটি করে নি। কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই নিজেদেরকে ইসলামী বাহিনীর মুকাবিলার অযোগ্য বিবেচনা করে সন্ধির আবেদন জানায় এবং ইসলামী বাহিনীর প্রধান সেনাপতি সন্তুষ্টচিত্তে তাদের সে আবেদন মঞ্জুর করেন এবং তাদের উপর জিযিয়া ধার্য করেন। জিযিয়া আদায়ের জন্য সেখানে একজন কর্মচারী নিয়োগ করা হয়। হযরত আবূ উবায়দা (রা) হযরত আবুল আ‘ওয়ার আসলামী (রা)-কে একটি বাহিনী নিয়ে তাবারিয়ার দিকে পাঠিয়েছিলেন। তাবারিয়াবাসীরা বীসানবাসীদের পরিণাম প্রত্যক্ষ করে এক সন্ধিচুক্তির মাধ্যমে আবুল আওয়ারের হাতে তাদের শহরের অধিকার অর্পণ করে।