hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৫

হযরত উমর ফারুক (রা) জন্ম ও বংশ-পরিচয়

হযরত উমর (রা) ছিলেন কুরায়শের অভিজাত ব্যক্তিবর্গের অন্যতম। জাহিলিয়া যুগের দূতের কাজের দায়িত্ব তারই গোত্রের জন্য নির্দিষ্ট ছিলো। অর্থাৎ যখন কুরায়শের সাথে অন্য কোন বংশের যুদ্ধ হতো তখন তাঁরই গোত্রের গণ্যমান্য ব্যক্তিদেরকে রাষ্ট্রদূত হিসাবে ঐ বংশের কাছে পাঠানো হতো। কখনো বংশ-পরিচয়কে কেন্দ্র করে পরস্পর গর্ব প্রকাশের প্রয়োজন দেখা দিলে সর্বাগ্রে তাঁরই গোত্রের গণ্যমান্য ব্যক্তিরা সে কাজ সম্পাদনের জন্য বের হতেন। তাঁর বংশ-তালিকা হলো উমর ইব্‌ন খাত্তাব (রা) ইব্‌ন নুফায়ল ইব্‌ন আবদুল উয্‌যা ইব্‌ন রিবাহ ইব্‌ন আবদুল্লাহ ইবনু কা‘ব ইব্‌ন লুওয়াই। কা‘বের দুই ছেলে। একজন ‘আদী এবং অপরজন মুররাহ্। মুররাহ্ ছিলেন হযরত রাসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রপিতামহগণের অন্যতম। অর্থাৎ অষ্টম স্তরে হযরত উমর (রা)-এর বংশ-তালিকা হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর বংশ-তালিকার সাথে মিলিত হয়েছে। উমর ফারুক (রা)-এর পিতৃ পরিচায়ক পারিবারিক খণ্ডনাম ছিল আবূ হাফ্‌স। হযরত রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে ফারূক উপাধিতে ভূষিত করেন। তিনি হিজরতের চল্লিশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি উট চরাতেন। যৌবনে পৌঁছার পর আরবের ঐতিহ্য অনুযায়ী কুল্‌জী-বিদ্যা (বংশ-পরিচয় বিদ্যা), সমর বিদ্যা, অশ্বারোহণ ও মল্লযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। জাহিলিয়া যুগে এবং ইসলাম গ্রহণ করার পরও তিনি ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ছিলেন।