hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

খ্রিস্টানদের অধঃপতন

হযরত ঈসা (আ)-এর দু’শ বছর পর পর্যন্ত খ্রিস্টানদের মধ্যে রাহিব বা সন্ন্যাসীদের কোন নাম-গন্ধ ছিলো না। কিন্তু ষষ্ঠ শতাব্দীতে সিরিয়া, গ্রীস ও রোমে এদের এতই আধিক্য দেখা দিলো যে, যে কেউ মান-সম্মান ও প্রতিপত্তির জন্যে লালায়িত হতো, সে-ই রাহবানিয়াত বা সন্ন্যাসব্রত গ্রহণ করতো। এরপর ধীরে ধীরে এ প্রবণতা নারীদের মধ্যেও সংক্রামিত হতে লাগলো। ফলে রাহিব পুরুষ ও রাহিব রমণীদের বাসস্থান গির্জাগুলো লজ্জাজনক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হলো। রাহিবদের কেউ কেউ প্রান্তরেও বাস করতো। নারীদের প্রাপ্য সম্ভ্রম ও অধিকার এবং পিতামাতার প্রতি ভক্তিশ্রদ্ধা একেবারেই উঠে গিয়েছিলো। চুরি, ব্যভিচার, প্রতারণা সমাজে এমনিভাবে ছড়িয়ে পড়েছিল যে, কেউ এগুলোকে দূষণীয় বলেও মনে করতো না। এটা ছিলো রাহবানিয়াত বা সন্ন্যাসব্রতের বিস্তৃতিরই ফল। তওহীদ ও খোদাপরস্তির নাম-নিশানাও ছিলো না। সংসার ত্যাগী ধর্মীয় নেতা ও সন্ন্যাসীদের সন্তুষ্টি বিধানেই মুক্তির গ্যারান্টি বা সার্টিফিকেট হাসিল করা হতো। আমীর শ্রেণীর লোকেরা দরিদ্র জনসাধারণকে তাদের সেবক এবং গোলামরূপে ব্যবহারের বৈধ অধিকারী বলে মনে করতো। বাদশাহ ও সিপাহসালাররা জনসাধারণকে পশুর চাইতে অধিক মর্যাদা দিতো না। তারা নিঃসংকোচ চাষীদেরকে কেবল প্রাণরক্ষা উপযোগী আহার্য দিয়ে তাদের মেহনতের ফসল নিজেরা পুরোপুরিই গ্রাস করতো।