hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৪

হিজরী ৫২ সনের ঘটনাসমূহ

যেসব কর্মকর্তা ও কর্মচারী হযরত উসমান (রা)-এর সাথে মক্কা শরীফ থেকে মদীনা শরীফে এসেছিলেন তারা একের পর এক নিজ নিজ কর্মস্থলে চলে যান। শেষ পর্যন্ত হযরত মুআবিয়া (রা)-ও বিদায় গ্রহণের জন্য হযরত উসমান গনী (রা)-এর দরবারে হাযির হন। তিনি নিবেদন করেন, আমার তো ভয় হয়, না জানি কে কখন আপনার উপর হামলা করে বসবে এবং আপনি তা প্রতিরোধ করতে পারবেন না। আমার কাছে তাই সমীচীন মনে হচ্ছে যে, আপনি আমার সাথে সিরিয়ায় চলে আসুন। সিরিয়ার সমগ্র অধিবাসীই আমার অনুগত এবং আমার প্রতি সহানুভূতিসম্পন্ন। হযরত উসমান গনী (রা) উত্তর দেন, আমি হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতিবেশীগণকে অর্থাৎ মদীনা শরীফের অধিবাসীগণকে ছেড়ে যেতে পারব না। তখন আমীরে মুআবিয়া (রা) বলেন, তাহলে আমাকে এ ব্যাপারে অনুমতি দিন যে, আমি একটি শক্তিশালী বাহিনী আপনার নিরাপত্তার জন্য সিরিয়া থেকে মদীনায় পাঠিয়ে দেব এবং তারা মদীনা শরীফেই অবস্থান করবে। হযরত উসমান গনী (রা) তখন উত্তর দেন, আমি হযরত রাসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রতিবেশীদেরকে বিরক্ত করতে চাই না। এ কথা শুনে হযরত মুআবিয়া (রা) বলেন, আপনি নিশ্চয়ই প্রতারিত হবেন। হযরত উসমান গনী (রা) তার উত্তরে :

حسبي الله ونعم الوكيل .

(আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক) এ বলে নীরব হয়ে যান। হযরত মুআবিয়া (রা) সেখান থেকে উঠে গিয়ে হযরত আলী (রা), হযরত তালহা (রা) ও হযরত যুবায়র (রা)-এর সাথে সাক্ষাৎ করেন এবং প্রয়োজন দেখা দিলে হযরত উসমান গনী (রা)-কে সাহায্য করার জন্য তাদেরকে বিনীত আবেদন জানান। তারপর তিনি সিরিয়ায় চলে যান।