hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

ইতিহাস পাঠক

ইতিহাস লেখা বা তার বিন্যাস যেমন একটা সুকঠিন কাজ তেমনি তা পাঠ করা বা তা থেকে যথার্থভাবে উপকৃত হওয়াও কোন সহজসাধ্য ব্যাপার নয়। ইতিহাস পাঠকের উচিত, অতীত ইতিহাসকে শিক্ষণীয় ব্যাপাররূপে গণ্য করা, অতীতকালের লোকদের অনাচার ও ভুলভ্রান্তির পরিণতি সম্পর্কে অবহিত হয়ে সেসব অনাচার ও ভুলভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখবার সংকল্প অন্তরে পোষণ করা। সদাচারের সফল সম্পর্কে অবহিত হয়ে সেগুলো আত্মস্থ করার জন্যে যত্নবান হবে। দুনিয়ার এ রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছে এমন কোন ব্যক্তির নিন্দাবাদ করা কোন পুরুষোচিত কাজ নয়। বিগত দিনের কোন ব্যক্তির প্রতি অনুরাগ প্রকাশ করা, তার জন্যে দু‘আ করা বা তার ভুলভ্রান্তির একটা সদার্থ করার চেষ্টা-চরিত্র চালানো কোন দূষণীয় ব্যাপার নয়। দুনিয়ার বিভিন্ন দেশ, শহর-বন্দর, নগর, পাহাড়-পর্বত, মরুপ্রান্তর বিয়াবানের সফর করার সাথে ঐতিহাসিক গ্রন্থাদি পাঠের মধ্যে একটা বড় রকমের সামঞ্জস্য রয়েছে। তবে একটা পার্থক্য হলো একজন পর্যটক সারা জীবনের ভূ-পর্যটনের দ্বারা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন একজন ইতিহাস পাঠক ততোধিক জ্ঞান ও অভিজ্ঞতা একদিনের বা এক সপ্তাহের অধ্যয়নের মাধ্যমে অর্জন করতে সক্ষম। ইতিহাস পাঠক যতবেশী পক্ষপাতদুষ্ট মনমানসিকতার শিকার হবে ইতিহাস থেকে তার উপকৃত হওয়ার সম্ভাবনা ততই কম।