hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৩

ইয়াহূদীর দুরভিসন্ধি

জনৈক আমর ইব্‌ন মুহাসিন ইব্‌ন কা‘ব নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সল্লামের উপর পাথর গড়িয়ে ফেলার জন্য তৎক্ষণাৎ উপরে আরোহণ করলো। সে পাথর গড়িয়ে না ফেলতেই আল্লাহ তা‘আলা নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সল্লামকে ওয়াহীর মাধ্যমে ইয়াহূদীদের এই দুরভিসন্ধি সম্পর্কে অবহিত করলেন। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে দাঁড়িয়ে গেলেন এবং সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে মদীনার দিকে রওয়ানা হলেন। ইয়াহূদীরা তাকে পুনরায় ডেকে পাঠালো। তিনি বললেন, তোমরা আমাদের হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছ। এখন তোমাদের উপর আমাদের কোন আস্থা নেই। ইয়াহূদীরা তাদের এই ষড়যন্ত্রের কথা অস্বীকারও করলো না, অনুতাপও প্রকাশ করলো না। হযরত নবী (সাঃ) মদীনায় পৌঁছে তাদের কাছে বার্তা পাঠালেন। পুনরায় চুক্তিপত্র লিখে নাও। তারা চুক্তিপত্র লিখতে অস্বীকার করলো। তিনি পুনরায় তাদের নিকট বার্তা পাঠান : চুক্তিপত্র না লিখলে তোমরা মদীনা থেকে দশ দিনের মধ্যে দেশান্তরিত হয়ে অন্যত্র চলে যাও। বনূ নাযীর এর প্রত্যুত্তরে দেশান্তরিত হতে অস্বীকার করলো এবং যুদ্ধের জন্য তৈরী হলো। হযরত নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামও সাহাবায়ে কিরামকে নিয়ে তাদের উপর চড়াও হলেন। বনূ নাযীর তাদের দুর্গের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়লো। তিনি অবরোধ করে রাখলেন। পনেরো দিন পর্যন্ত এ অবরোধ অব্যাহত থাকলো। মদীনার মুনাফিকরা এবং আবদুল্লাহ্ ইব্‌ন উবায়্য বনূ নাযীরের কাছে বার্তা পাঠালো, আমরা তোমাদের শরীকদার। তোমরা যদি দুর্গ থেকে বের হয়ে ময়দানে যুদ্ধ কর, তাহলে আমরাও তোমাদের সাথে মিলে মুসলমানদের হত্যা করবো। তোমরা যদি দেশান্তরিত হতে চাও, তাহলে আমরাও তোমাদের সাথে মদীনা ত্যাগ করে দেশান্তরে চলে যাবো।