hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৩

ফারূকে আযম (রা)-এর উদ্ভাবিত বিধানসমূহ

হযরত ফারূকে আযম (রা) অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবস্থাপনা সম্পর্কিত অনেক বিধান উদ্ভাবন করেন। এগুলোকে আউয়ালিয়াতে ফারূকী (হযরত ফারূকে আযম কর্তৃক উদ্ভাবিত বিধান) বলা হয়।

হযরত ফারূকে আযম (রা) নিয়মিতভাবে বায়তুল মাল বা ট্রেজারী স্থাপন করেন। তিনিই হিজরী সনের উদ্ভাবক। আমীরুল মু’মিনীন’ খিতাবে তিনিই প্রথম ভূষিত হন। তিনিই সর্বপ্রথম সেনাবাহিনীর জন্য নিয়মিত দফতর (অফিস) স্থাপন করেন। পৃথক আর্থিক দফতর স্থাপনও তারই কীর্তি। তিনিই সর্বপ্রথম স্বেচ্ছাসেবক বাহিনীর বেতন নির্ধারণ করেন।

তিনি ভূমি জরীপ আদমশুমারী ও খাল খননের ব্যবস্থা করেন; বিভিন্ন শহর (যেমন কূফা, বসরা, জাযীরা, ফুসতাত ইত্যাদি) স্থাপন করেন; মুসলিম অধিকৃত এলাকাসমূহকে সুবা বা প্রদেশে বিভক্ত করেন; বিদেশী বণিকদেরকে ইসলামী রাষ্ট্রে আগমন ও ব্যবসা পরিচালনার অনুমতি দেন, দুররাহ্ মারার প্রচলন করেন, জেলখানা নির্মাণ করেন এবং পুলিশ বিভাগও স্থাপন করেন। জনসাধারণের অবস্থাদি সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার জন্য খোদ খলীফার রাতের বেলা পায়চারি করার নিয়ম তিনিই প্রবর্তন করেন। তিনিই গুপ্ত সংবাদ দাতা নিয়োগ করেন, মুসাফিরদের সুবিধার্থে কুয়া ও সরাইখানা নির্মাণ করেন এবং অসহায় ও অভাবগ্রস্ত খ্রিস্টান ও ইয়াহূদীদের জন্য ভাতা নির্ধারণ করেন। তিনি জামাআতের সাথে তারাবির নামায আদায়ের প্রচলন করেন এবং তেজারতী (বাণিজ্যের উদ্দেশ্যে ক্রীত) ঘোড়াসমূহের উপর যাকাত নির্ধারণ করেন। তিনিই জানাযার নামাযের মধ্যে চার তাকবীরের সর্বসম্মত বিধান প্রবর্তন করেন।