১
ইসলামের ইতিহাস ১ম খণ্ড
লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০১
হযরত যুবায়র (রা)-এর আপোসকামিতা
যুদ্ধ শুরু হয়ে গেলো। হযরত যুবায়র ইবনুল আওয়াম (রা) যিনি প্রথম থেকেই মনস্থ করে ফেলেছিলেন যে, তিনি আলী (রা)-এর বিরুদ্ধে যুদ্ধ করবেন না, যুদ্ধক্ষেত্র থেকে পৃথক হয়ে যান। ঘটনাক্রমে হযরত আম্মার (রা) তাকে দেখে ফেলেন এবং অগ্রসর হয়ে তাকে যুদ্ধের আহ্বান জানান। যুবায়র (রা) বলেন, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব না। কিন্তু যেহেতু আম্মার (রা) যুবায়র (রা)-কে যুদ্ধের আহবায়ক মনে করে তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন তাই তাঁকে আক্রমণ করে বসেন। যুবায়র (রা) আম্মারের প্রতিটি আঘাত প্রতিঘাত করে নিজেকে রক্ষা করতে থাকেন, কিন্তু প্রতি আঘাত করেননি। শেষ পর্যন্ত আম্মার (রা) ক্লান্ত হয়ে পড়েন এবং এই সুযোগে যুবায়র (রা) সেখান থেকে সরে পড়েন। বসরাবাসীদের মধ্যে আহনাফ ইব্ন কায়স আপন গোত্রের একটি দল নিয়ে নিরপেক্ষভাবে উভয় বাহিনী থেকে কিছুটা দূরত্বে তাঁবু খাটিয়ে অবস্থান করছিলেন। তারা প্রথম থেকেই উভয় পক্ষের নেতাদের জানিয়ে দিয়েছিলেন যে, তারা উভয় বাহিনীর কোন পক্ষে যোগ দেবেন না বা কারো বিরোধিতাও করবেন না। যুবায়র (রা) যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান। তিনি আহনাফ ইব্ন কায়সের সেনাছাউনির নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঐ বাহিনীর আমর ইবনুল জারমূয নামীয় জনৈক ব্যক্তি যুবায়র (রা)-কে অনুসরণ করতে থাকে। সে তার কাছে একটি মাসআলা সম্পর্কে জানতে চায়। মূলত সে একটি অসৎ উদ্দেশ্যে যুবায়র (রা)-এর পিছু নিয়েছিল। ‘ওয়াদী সাবায়’ পৌঁছার পর নামাযের সময় হলে যুবায়র (রা) নামাযে দাঁড়িয়ে যান। তিনি সিজদায় গেলে আমর তাঁর উপর আকস্মিক হামলা চালায়। এরপর সে সেখান থেকে সোজা আলী (রা)-এর নিকট গিয়ে হাযির হয়। প্রথমে জনৈক ব্যক্তি আলী (রা)-কে বলে, যুবায়র ইবনুল আওয়াম (রা)-এর হত্যাকারী আপনার সাথে সাক্ষাতের অনুমতি চায়। তিনি উত্তরে বলেন, হাঁ তাকে অনুমতি প্রদান কর, তবে এই সাথে তাকে জাহান্নামের সুসংবাদও দাও। সে আলী (রা)-এর সামনে এলে তিনি তার হাতে যুবায়র (রা)-এর তরবারি দেখতে পান। এতে তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং তিনি উচ্চৈঃস্বরে বলেন, হে জালিম! এটা হচ্ছে তরবারি যা দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ (সাঃ)-এর হিফাযতে নিয়োজিত ছিল। আমর ইবনুল জারমূযের উপর এই কথা এমন প্রতিক্রিয়া হয় যে, সে আলী (রা)-এর সামনেই তার সম্পর্কে কয়েকটি অশিষ্ট বাক্য উচ্চারণ করেন অতঃপর নিজেই নিজের পেটের মধ্যে তরবারি ঢুকিয়ে দিয়ে জাহান্নামের পথে যাত্রা করে।