hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৮

হিজরী সন

এ যাবত আমরা সন তারিখ উল্লেখ করতে নববী সন তারিখ ব্যবহার করে এসেছি। এর অর্থ ছিলো উক্ত ঘটনার সময়টি হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুওয়াত প্রাপ্তির এত বছর পরের ঘটনা। এখানে উল্লেখ করা যেতে পারে যে, চান্দ্রমাসের প্রচলিত ক্রম ও নাম প্রাচীনকাল থেকে আরবে যেভাবে চলে আসছিল সেভাবেই আছে। তাই নববী সনের প্রথম বর্ষটি কয়েক মাস পরেই শেষ হয়ে যায়। এ জন্যেই হযরত মুহাম্মদ (সাঃ)-এর মদীনা প্রবেশকে ১৪তম নববী বর্ষের রবিউল আউয়াল মাসের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। আসলে কিন্তু তখন নবুওয়াতের বা রিসালাত প্রাপ্তির মাত্র সাড়ে বার বছর কাল অতিক্রান্ত হয়েছিল। আর এভাবেই হযরত মুহাম্মদ (সাঃ)-এর মদীনা গমন থেকে হিজরী সন গণনা আরম্ভ করা হয়। যেহেতু হযরত মুহাম্মদ (সাঃ) বারই রবিউল আউয়াল তারিখে মদীনায় আগমন করেছিলেন, তাই প্রথম হিজরী বর্ষটি সাড়ে নয় মাস পরেই সমাপ্ত হয়ে যায়। ১লা মুহাররম থেকে হিজরী দ্বিতীয় বর্ষের সূচনা হয়। সুতরাং হযরত মুহাম্মদ (সাঃ) দ্বিতীয় হিজরীর সফর মাস পর্যন্ত হযরত আবূ আইয়ূব আনসারী (রা)-এর বাড়ীতে অবস্থান করেছিলেন বলে বুঝে নিতে হবে।