hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫৮

হিজরী ৩২ সনের ঘটনাবলী

হিজরী ৩১ সনের যুলহাজ্জ মাসে আবদুল্লাহ ইব্‌ন আমির হজ্জব্রত পালনের জন্য মক্কা শরীফের দিকে রওয়ানা হন। এ সুযোগে কারিন নামীয় একজন ইরানী সরদার বিভিন্ন প্রদেশ থেকে ৪০ হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করে ইরানী প্রদেশসমূহ দখল করতে শুরু করে। তখন আবদুল্লাহ্ ইব্‌ন হাযিম নামীয় জনৈক মুসলিম গোত্রপতি মাত্র ত্রিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে কারিনের বিরুদ্ধে অগ্রসর হন। বেশ কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি মুজাহিদগণকে নির্দেশ দেন, যেন তারা তাদের বর্শাসমূহ কাপড় দিয়ে জড়িয়ে লেপ্টে নিয়ে তার উপর তেল ও চর্বি মাখিয়ে দেয়। যখন মুসলিম বাহিনী কারিনের নিকটবর্তী হল, তখন সবেমাত্র রাত হয়েছে। আবদুল্লাহ ইব্‌ন হাযিম এবার মুজাহিদগণকে তাদের বর্শায় জড়ানো কাপড়ে আগুন লাগাবার নির্দেশ দেন। মুজাহিদগণ তাই করলেন এবং বর্শা হাতে দুশমনদের উপর ঝাঁপিয়ে পড়লেন। এ আকস্মিক হামলা এবং সেই সাথে হাজার হাজার মশালের আলো দেখে ইরানীরা ভীত-সন্ত্রস্ত হয়ে যে যেদিকে পারল ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাল। এ অবস্থায়ও মুজাহিদগণ অনেককে হত্যা করে, অনেককে বন্দী করে এবং অন্যরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করে। আবদুল্লাহ্ ইব্‌ন আমির পবিত্র হজ্জ সমাপনান্তে মদীনা শরীফে গিয়ে হযরত উসমান গনী (রা)-এর খিদমতে হাযির হন। কোন কোন ঐতিহাসিকের বর্ণনা মতে, হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) ঐ বছরই (হিঃ ৩২ সন) ৮৫ বছর বয়সে ইনতিকাল করেন। মৃত্যুকালে তিনি প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি রেখে যান।