hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

ইতিহাসের সত্যিকারের সূচনা

এবার কুরআনুল কারীম নাযিল হতে লাগলো। আরবরা গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো। সমস্ত সভ্যতা-সংস্কৃতি আরব সংস্কৃতির মুখে খড়কুটো বা ধূলোবালি প্রতিপন্ন হলো। সত্যিকারের ইতিহাস এবার শুরু হলো। হাদীস রিওয়ায়াতের যাচাই-বাছাই এবং ‘আসমাউর রিজাল’ শাস্ত্রের উদ্ভাবনের অনন্য সাধারণ কীর্তিদ্বয়ের কথা বাদ দিলেও মুসলমানদের মধ্যে এমন শত শত হাজার হাজার ঐতিহাসিকের সন্ধান পাওয়া যাবে, যারা ইতিহাস প্রণয়নে এমন অবিস্মরণীয় কীর্তি রেখে গেছেন যে, পাঠক মাত্রকেই তা অভিভূত করে। সমাজ-সভ্যতা সংস্কৃতির এমন কোন দিক নেই, যে ব্যাপারে মুসলিম ইতিহাসবেত্তাগণ ইতিহাস প্রণয়ন করেন নি। ইতিহাসের প্রাণ হচ্ছে তার রিওয়ায়াত বা বর্ণনার বিশুদ্ধতা। এ ব্যাপারটি মুসলমানরা এতই নিষ্ঠার সাথে সংরক্ষণ করেছেন যে, মুসলমান ছাড়া অন্য কোন জাতি তার উদাহরণ দেখাতে ব্যর্থ। এমনকি অন্যান্য রাষ্ট্র ও জাতির ইতিহাস প্রণয়নেও মুসলমান ঐতিহাসিকগণ তাদের মেধা উল্লেখযোগ্য পরিমাণে ব্যয় করেছেন।। ইতিহাসকে একটা শাস্ত্রের মর্যাদায় উন্নীত করা মুসলমানদেরই কার্তি। ইতিহাসের মূলনীতির উদ্‌গাতা ইব্‌ন খালদূন চিরদিন ঐতিহাসিকদের ভক্তিশ্রদ্ধা লাভ করতে থাকবেন। যখন মুসলিম জাতির পতন শুরু হলো এবং মুসলিম ঐতিহাসিকের মধ্যে পূর্ববৎ উৎসাহ-উদ্দীপনা আর তেমন অবশিষ্ট রইল না তখন থেকে তাদেরই ছাত্র ইউরোপীয় ঐতিহাসিকগণ তাদের সে আরদ্ধ কাজ সমাপ্ত করার কাজে ব্রতী রয়েছেন।